আপডেট: July 15, 2022

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে ট্রাকসহ বিপুল পরিমাণ চোরাই ভুট্টা উদ্ধারপূর্বক তা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তাদের হাতে আটক হয়েছে ৪ জন। শুক্রবার (১৫ই জুলাই) ভোরে দর্শনা পুরাতন বাজার রেলগেইট এলাকা থেকে এসব ভুট্টা উদ্ধার এবং আসামিদের আটক করা হয়। আটককৃতরা হলেন, দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে নিজাম উদ্দিন (২৮), আজিমপুর গ্রামের মৃত সিরাজ মিস্ত্রির ছেলে সাগর হোসেন (৩০), থানাপাড়ার (রেল ইয়ার্ড) ইয়াকুব আলীর ছেলে সুমন ইসলাম (২০) এবং একই এলাকার মৃত মোজাহার শাহ এর ছেলে ফজলু (৫৫)।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম লুৎফুল কবীরের নেতৃত্বে এসআই সুজন আলী এবং এএসআই হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার ভোর সাড়ে ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুরাতন বাজার রেলগেইট এলাকায় সাগর সাইকেল স্টোরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে ১টি ট্রাক (চুয়াডাঙ্গা ট-১১-০৩৭৯) এবং ৫ হাজার ৩০০ কেজি চোরাই ভুট্টা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের আটক হয় ৪জন। আটককৃত ৪ আসামিসহ ট্রাক চালক দর্শনা থানাপাড়ার (রেল ইয়ার্ড) ইয়াকুব আলীর ছেলে সাগর (২৮)-কে পলাতক দেখিয়ে এবং ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে দর্শনা থানায় মামলা রুজু হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম লুৎফুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।


