আপডেট: May 12, 2025
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার দর্শনায় পিতার সাথে দ্বন্দ্বের জেরে পিতাকে না পেয়ে পুত্র মাহমুদউল্লাহ রিয়াদকে (১৩) কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১২ই মে ২০২৫) দুপুরে দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে। সে মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীরসহ পুলিশের একাধিক টিম।
নিহতের বাবা জিয়াউর রহমান বলেন, ‘ছয়ঘরিয়া গ্রামের বাইতুল্লাহর ছেলে হজরত আলীর বোনের সাথে তার বোনজামাইয়ের সম্পর্ক ভালো না৷ কিন্তু কাজের সুবাধে আমি তার বোনজামাইয়ের সাথে চলাফেরা করি। এনিয়ে তারা আমাকে বিভিন্ন সময় গালিগালাজ করে। আজও আমাকে ভালোভাবে ডেকে নিয়ে হজরত আলীর মা অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় আমার সাথে ধাক্কাধাক্কিও হয়। পরে আমি বাড়িতে চলে আসি। তার কিছুক্ষণ পর আমি বাড়িতে না থাকায় হজরত ও তার ভাগ্নে বিদ্যুৎ আমার ছেলে রিয়াদকে একা পেয়ে কুপিয়ে হত্যা করে।’
দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর জানান, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের আটকের জন্য চলমান রয়েছে অভিযান। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

