আপডেট: May 23, 2021
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলায় গভীর রাতে পাচারকালে ট্রাকসহ ১০ লাখ টাকার চিংড়ি রেণু জব্দ করা হয়েছে। এসময় একজনকে আটক করেছে পুলিশ।গলাচিপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারুখ আহম্মেদের নেতৃত্বে শনিবার গভীর রাতে দশমিনা উপজেলার আরজবেগী বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে পাঁচ লাখ রেণু জব্দ করা হয়। ওই রেণুর বাজার মূল্য ১০ লাখ টাকা বলে জানা গেছে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলা সদরের আরজবেগী বাজার এলাকায় অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে পাচারকালে পাঁচ লাখ রেণু জব্দ ও মোস্তাকিম মোল্লা (৪০) নামে এক ট্রাকচালককে আটক করে। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়।
পরে রোববার ভোরে ভ্রাম্যমাণ আদালতে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন ওই ট্রাকচালককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত চিংড়ির রেণুগুলো উপজেলার আউলিয়াপুর এলাকার তেঁতুলিয়া নদীতে অবমুক্ত করা হয়। তবে পাচারের সঙ্গে যুক্ত কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ।
দশমিনা থানার ওসি মো. জসিম জানান, জব্দকৃত চিংড়ির রেণুগুলো গলাচিপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারুখ আহম্মেদ ও দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিনের উপস্থিতিতে অবমুক্ত করা হয়েছে। পাচারকাজে ব্যবহার করা ট্রাকটি জব্দ করা হয়েছে।

