আপডেট: July 7, 2020
পদ্মা নদীতে উলু ঘাস (কাশফুল) কাটতে যাওয়ায় নৌকাডুবিতে ৪ কৃষক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পাবনা- কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকা পাবনা সদর উপজেলার চরসাদিপুর ইউনিয়নের চর ঘোষপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে পদ্মা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।নিখোঁজরা হলেন- জুয়েল (৩৫), জাকির (৩২), শরিফুল (৩৫) ও জুবায়ের (৩৩)। এদের সবার বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার জামালপুর গ্রামে।
এ দিকে বিকাল পৌনে ৩টার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরিদল নিখোঁজদের উদ্ধারে পাবনায় এসে পৌঁছান। তার আগে পাবনা ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় এলাকাবাসী উদ্ধার কাজ চালিয়ে যান।পাবনা ফায়ার সার্ভিস সূত্র ও ভেড়ামারা উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা এবং ওই নৌকাডুবি থেকে সাঁতরে পাড়ে উঠে আসা একজন মনসুর আলী জানান, গো-খাদ্য উলুঘাস (কাশবন) কাটার জন্য ওই গ্রামের তিনিসহ ১৩ জন কৃষক পদ্মার চরে যাচ্ছিলেন।
তারা সকাল সাড়ে ৯টার দিকে চর ঘোষপুর থেকে একটি নৌকাযোগে পদ্মা পাড়ি দিচ্ছিলেন। মাঝপথে যাওয়ার পর নৌকাটি হঠাৎ ডুবে যায়। মাঝিসহ তারা ৯ জন সাঁতরে তীরে উঠতে পারলেও অপর ৪ জন তীরে উঠতে পারেননি। তাদের ভাগ্যে কি ঘটেছে তারা বলতে পারছেন না।
পাবনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাইফুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ধারণ ক্ষমতার চেয়ে বেশি লোক নৌকায় ওঠায় তা নদীর স্রোতে উল্টে যায়। ঘটনা জানার পর পরই ফায়ার সার্ভিস পাবনার টিম ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি জানান, তারা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেছে। তবে বিকাল পৌনে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার করা যায়নি। নিখোঁজদের সলিল সমাধি ঘটতে পারে।

