আপডেট: January 29, 2021
অনলাইন ডেস্ক:: ঘন কুয়াশার কারণে টানা ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. জিল্লুর রহমান।
এর আগে, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে কয়েকটি ফেরি। দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে কয়েকশ যানবাহন।
জিল্লুর রহমান জানান, ঘন কুয়াশায় নৌ-চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে দেশের গুরুত্বপূর্ণ এই নৌ-রুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়। সকাল ৯টায় কুয়াশা কেটে যাওয়া নৌযান চলাচল শুরু হয়েছে।

