পিরোজপুরে অস্ত্রের মুখে জিম্মি করে খামারির ১৩ গরু লুট

আপডেট: March 17, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের একটি খামার থেকে অস্ত্র ধরে জিম্মি করে সবগুলো গরু লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার ভোররাতে উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নে পিরোজপুর-নাজিরপুর সড়ক থেকে কয়েকশ গজ দূরে লুটের এ ঘটনা ঘটে।

খামারটির মালিক মো. রিয়াজ হাওলাদার জানান, ২০১৭ সালে এক আত্মীয়ের জমিতে তিনি গরুর খামারটি শুরু করেছিলেন। সর্বশেষ খামারে ফ্রিজিয়ান ও জার্সি প্রজাতির ৭ টি গাভী ও ৬ টি বাছুর ছিল। তিনি এক শ্রমিকের সাথে রাতেই ওই খামারে থাকতেন। রবিবার ভোররাত ৩টার দিকে গরুর শব্দ শুনে খামারের পাশে থাকা ঘর থেকে বেরিয়ে আসেন। এ সময় ৩-৪ জন লোক ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে তাদের হাত ও চোখ বেঁধে ফেলে। এরপর দুইটি পিকআপযোগে গরুগুলো তুলে নিয়ে সেখান থেকে সটকে পড়ে চক্রটি। এ সময় তার কাছে থাকা মোবাইলফোনও নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে সকলের মুখ কাপড় দিয়ে ঢাকা থাকায় তাৎক্ষণিকভাবে তারা কাউকে চিনতে পারেননি। পরবর্তীতে হাতের বাঁধন খুলে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করে রিয়াজ। এ ঘটনায় তার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশিকুজ্জামান জানান, গরু লুটকারীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে এবং পার্শ্ববর্তী থানাগুলোতে যোগাযোগ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network