আপডেট: August 10, 2020
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় বাবা দীনেশ বালাকে গোয়াল ঘরে রেখে আসে ছেলেরা। খবর পেয়ে রোববার দুপুরে গোয়াল থেকে বৃদ্ধ দীনেশ বালাকে উদ্ধার করে ছেলেদের ঘরে তুলে দেয় পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ছোট শিংগা গ্রামে।মৃত যাদব চন্দ্র বালার ছেলে বৃদ্ধ দীনেশ বালাকে (৭০) সম্প্রতি তার দুই ছেলে তপন বালা (৪৫) ও তাপস বালা (৩৫) বসত ঘরে না রেখে গোয়াল ঘরে রাখে। রোববার গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বিষয়টি জানতে পারেন। পরে এসআই শাহানাজ পারভীনকে ঘটনাস্থলে পাঠান।
এসআই শাহানাজ ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পান। পরে বৃদ্ধ দীনেশ বালার দুই ছেলে তপন বালা ও তাপস বালাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন এবং তাদের কাছ থেকে মুচলেকা নেন। এ সময় গোয়াল ঘর থেকে দীনেশ বালাকে উদ্ধার করে বসতঘরে থাকার জায়গা করে দেন।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, পাষণ্ড দুই সন্তান তাদের বৃদ্ধ অসহায় বাবাকে গোয়াল ঘরে রেখে অমানবিক আচরণ করেছে। ওই বৃদ্ধকে গোয়াল ঘরে রাখার খবর পেয়েই দ্রুত পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।

