আপডেট: March 10, 2021
বরিশাল প্রতিনিধি: বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে মাদক ব্যবসায়ী সন্দেহে এক যুবককে হাতকড়া পরিয়ে ভয়াবহ নির্যাতনের ভিডিওচিত্র ফাঁস হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। ভুক্তভোগী যুবকের নাম মারুফ সিকদার। তিনি নগরীর কাউনিয়া বেগের বাড়ির এলাকার বাসিন্দা।ভিডিওচিত্রে দেখা যায়, হাতকড়া পরিয়ে নিজ কক্ষে এক যুবককে বেধড়ক পেটাচ্ছেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবদুল মালেক।
এ সময় ওই যুবকের চিৎকার-আর্তনাদ করেও তার নির্যাতন থেকে মুক্তি পায়নি। মারধরের একপর্যায়ে যুবকের মাথা পা দিয়ে চেপে কয়েক দফা পেটানো হয়। এ সময় যুবকের হাতকড়া খুলে তার হাতে ইয়াবা দিয়ে নেওয়া হয় স্বীকারোক্তি।
নির্যাতনের শিকার ওই যুবক পানি পান করতে চাইলেও তা দেওয়া হয়নি। নির্যাতিত যুবকের পিতা বাদশা বলেন, আবদুল মালেকের বিরুদ্ধে কথা বললে আমার ছেলেকে ধরে আবার নতুন একটা মামলা দায়ের করবে। আমি গরিব মানুষ। তাই ঝামেলায় যেতে চাই না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবদুল মালেক এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু বলেন, এ ঘটনা সঠিক নয়। আমরা শুধু মামলা দায়ের, আদালতে পাঠানো ও সাক্ষ্য দিয়ে থাকি।মারুফ সিকদারকে গত বছরের সেপ্টেম্বরেও ধরে নিয়ে যান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবদুল মালেক। নির্যাতনের পর তার বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। এই ঘটনায় ১৯ দিন জেলও খেটেছে মারুফ।

