আপডেট: June 28, 2021
নাজমুল হক মুন্না ।। বরিশালের উজিরপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক জমাদ্দারকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার শোলক ইউপির পশ্চিম শোলক গ্রামের মৃত আনোয়ার হোসেন জমাদ্দারের ছেলে। রোববার (২৭ জুন) দিবাগত ভোররাত সাড়ে ৩টার দিকে পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার রত্নপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে উজিরপুর মডেল থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, ২০১৭ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ও ১০ হাজার টাকার অর্থদন্ডে দন্ডিত হয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলো ফারুক। গতকাল রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) খান মো. আহসাবের নেতৃত্ব সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. নজরুল ইসলাম ও মো. মামুন হোসেনসহ একদল পুলিশ পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার রত্নপুর গ্রামে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ফারুক জমাদ্দারকে গ্রেপ্তার করে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ফারুক জমাদ্দারকে সোমবার (২৮ জুন) সকালে বরিশাল বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় কমপক্ষে ১০টি মামলা রয়েছে।

