আপডেট: December 24, 2020
অনলাইন ডেস্ক:: ভাওয়াল এস্টেটের জমি দখলকারীদের তালিকা চেয়েছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে জানানো হয়েছে, এই এস্টেটের ৩৫৬ একর জমি বেদখলে রয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় ৩৪৯ দশমিক ১৫০৬ একর এবং গাজীপুর জেলায় ৬ দশমিক ৮৫ একর।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মকবুল হোসেন। বৈঠকে কমিটির সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, মো. শাহজাহান মিয়া, আনোয়ারুল আজীম আনার, নেছার আহমদ, উম্মে ফাতেমা নাজমা বেগম ও আমিনুল ইসলাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে উত্থাপিত মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, সিএস (ক্যাডস্টাল সার্ভে) রেকর্ড অনুযায়ী ভাওয়াল এস্টেটের মোট সম্পত্তির পরিমাণ ৩০ হাজার ৪২০ দশমিক ৯২৪১ একর। এরমধ্যে ঢাকা মহানগরীতে এক হাজার ৩৫ দশমিক ৫৩২১ একর, সাভারে ৪৮ দশমিক ৭৮ একর, কেরানীগঞ্জে ১৫২ দশমিক ৯১ একর, নারায়ণগঞ্জে ২২ দশমিক ২৩ একর, ময়মনসিংহে শূন্য দশমিক ১৩ একর এবং গাজীপুরে ২৯ হাজার ১৬১ দশমিক ৩৪২০ একর রয়েছে।
এই জমির মধ্যে জমিদারদের খাস দখলীয় ১৪১ দশমিক ৮৪৬১ একর বাদে ৩০ হাজার ২৭৯ দশমিক শূন্য ৭৮ একর জমির মধ্যে গাজীপুরের প্রায় ২৪ হাজার একর ভূমি বন বিভাগের নামে রেকর্ডভুক্ত হয়ে তাদের দখলে রয়েছে। অবশিষ্ট ছয় হাজার ২৯৯ দশমিক ৬৩৮৫ একর জমি এসএ ও আরএস রেকর্ডীয় ব্যক্তি ১ নম্বর খাস খতিয়ানে এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নামে রেকর্ডভুক্ত ও দখলে রয়েছে।
এদিকে সিএস রেকর্ডে ভাওয়াল এস্টেটের জমি ৩০ হাজার ৪২১ একর হলেও সর্বশেষ রেকর্ড অনুযায়ী (গাজীপুরে আরএস, ঢাকায় সিটি জরিপ) রেকর্ডীয় জমির পরিমাণ ৫১২ দশমিক ৮০২৫ একর। এর মধ্যে ঢাকা জেলায় ৩৭৩ দশমিক ২৬২৫ একর এবং গাজীপুরে ১৩৯ দশমিক ৫৪ একর। এর বাইরে একসনা লিজের মাধ্যমে এবং সরাসরি দখলীয় জমির পরিমাণ ১২১ দশমিক ২৭৯৪ একর।বৈঠকে জানানো হয়, ভাওয়াল এস্টেটের এক হাজার ৬৪০ দশমিক ৬৮০৫ একর জমি ১৩ হাজার ৪৩৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লিজ দেওয়া হয়েছে। এর থেকে বার্ষিক আয় হয় চার কোটি ৮০ লাখ ৩৬ হাজার ৭৩৩ টাকা।
এ বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভাওয়াল এস্টেটের জমির মধ্যে কোনও কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কী পরিমাণ রেকর্ড হয়েছে তা পরবর্তী বৈঠকে উপস্থাপন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ওই সব জমির ওপর আদালতে চলমান মামলাগুলোর গুরুত্ব বিবেচনা করে তা দ্রুত নিষ্পত্তি করার সুপারিশ করা হয়েছে।

