আপডেট: November 12, 2026
মনপুরা (ভোলা) প্রতিনিধি:: ভোলার মনপুরা উপজেলায় পুলিশের অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। বুধবার রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার মতলব মেম্বারের বাড়ি সংলগ্ন সড়কের ওপর থেকে তাদের আটক করে পুলিশ।
আটক দুই যুবক হলেন- বাবলু (৩০) ও ইয়াছিন (২৫)। তাদের দুজনের বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামে।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলার উত্তর সাজুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার মতলব মেম্বার বাড়ি সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ওই স্থান থেকে সন্দেহজনকভাবে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের প্যান্টের পকেট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মনপুরা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ইয়াবাসহ আটক দুই আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এরপর বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

