আপডেট: October 1, 2026
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: মানবসেবায় অসামান্য অবদান ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সম্মাননা স্মারক পেলেন দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক দানিসুর রহমান লিমন।বুধবার রাত ৮ টায় বরিশাল দি রিভারভিউ রেস্তোরায় এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান এবং পরানের বরিশালের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম নওরোজ হীরা।
সাংবাদিকতার পাশাপাশি মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতার মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা, অসহায় মানুষের কথা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরে আসছেন।
সম্মাননা পাওয়ার পর সাংবাদিক দানিসুর রহমান লিমন বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করে যাওয়াই তার মূল লক্ষ্য। এই সম্মাননা তাকে ভবিষ্যতে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সাংবাদিক দানিসুর রহমান লিমনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

