আপডেট: July 24, 2020
অনলাইন ডেস্ক:: মানিকগঞ্জের শিবালয়ের যমুনা নদীতে অর্ধশতাধিক কোরবানির গরুবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা গরুর মধ্যে চারটি গরু উদ্ধার করা সম্ভব হলেও বাকিগুলো নিখোঁজ রয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে আরিচা-কাজীরহাট নৌ-রুটের কানাইদিয়া চরের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহয়োগিতায় নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস কয়েকটি ট্রলার নিয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে নৌকায় থাকা গরুর বেপারী, রাখালসহ সবাইকে উদ্ধার করে তীরে নিয়ে আসে।
পাটুরিয়া ঘাটে নৌ-পুলিশের ইনচার্জ এস এম মনছুর রহমান জানান, আজ সকাল ৯টার দিকে নগরবাগী থেকে আরিচা গরুহাটে আসার পথে শিবালয়ের কানাইদিয়া চরের কাছে যমুনায় কোরাবানীর গরুবোঝাই ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষনিক স্থানীয়দের সহযোগিতায় ট্রলারে থাকা ব্যাপারী ও মালিকদের উদ্ধার করা হয়েছে। ট্রলারে থাকা গরুর মধ্যে চারটি গরু উদ্ধার করা সম্ভব হলেও বাকিগুলো নিখোঁজ রয়েছে। আর ট্রলারে থাকা রাখাল, ব্যাপারী, মাঝিসহ ৩০ জনকে উদ্ধার করা হয়েছে।
আরিচা স্থল ও নৌ ফায়ার স্টেশন অফিসার মো. মজিবর রহমান জানান, খবর পেয়ে আমরা ডুবরিসহ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করি। এসময় চারটি গরু উদ্ধার করা সম্ভব হলেও বাকিগুলো নিখোঁজ রয়েছে। নদীতে প্রবল স্রোত ও পানি বেশি থাকায় ঊর্ধ্বতনদের নির্দেশে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয়েছে।
স্থানীয় ট্রলার মালিক রিপন হোসেন জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক আরিচা ঘাট থেকে ট্রলার নিয়ে ১৭ জনকে উদ্ধার করে তীরে নিয়ে আসি। পরে তাদেরকে যার যার বাড়ি যেতে সাহায্য করি।

