আপডেট: January 13, 2021
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একইদিনে জীবন দিলেন প্রেমিক ও প্রেমিকা। বিষপান করে এ প্রেমযুগল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা।স্থানীয়দের ধারণা, প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় এভাবে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এ প্রেমযুগল।
মঙ্গলবার রাত সাড়ে ৭ টায় উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, টুঙ্গিবাড়িয়া গ্রামের জহির প্যাদার ছেলে রাজিব (১৭) ও রিপন হাওলাদারের মেয়ে রাবেয়া (১৫)। জানা গেছে, রাজিব ও রাবেয়া প্রতিবেশি ছিলেন। দুইজনের মধ্যে অনেকদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি বিষয়টি পরিবারের মধ্যে জানাজানি হয়। কিন্তু পরিবারের লোকজন তাদের এই সম্পর্ক মেনে নেয়নি। তাই অভিমান করে মঙ্গলবার রাত সাড়ে ৭ টায় একসঙ্গে বিষপান করে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। পরে তাৎক্ষণিক তাদের কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন, প্রেম সংঘটিত বিষয়ে বিষপানে দুইজনেই মারা গেছেন। এ ঘটনায় কলাপাড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

