সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার সাংবাদিক বাদশাহ দেওয়ান

আপডেট: March 10, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আব্দুল কাদের:: ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিককে মারধর, মোবাইল ফোন ভাঙচুর এবং গলায় ঝোলানো প্রেস কার্ড ছিঁড়ে ফেলার অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অনলাইন নিউজ পোর্টাল “ক্রাইম রিপোর্ট”–এর সম্পাদক মোঃ বাদশাহ দেওয়ান গত ৯ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে ভালুকা উপজেলার কাঠালী এলাকায় অবস্থিত রাসেল গার্মেন্টস কারখানায় যান। সেখানে শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলন করছিলেন। এ সময় তিনি আন্দোলনের সংবাদ সংগ্রহ ও ছবি ধারণ করছিলেন।
অভিযোগে বলা হয়, এ সময় গার্মেন্টসের ভেতর থেকে কয়েকজন ব্যক্তি তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে শারীরিকভাবে নির্যাতন চালায়। তারা সাংবাদিক বাদশাহ দেওয়ানকে মারধর করে আহত করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলে। পাশাপাশি মোবাইলের মেমোরি কার্ড নিয়ে নেওয়া হয় এবং গলায় ঝুলানো প্রেস কার্ড ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় সাংবাদিক বাদশাহ দেওয়ান শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। পরে তিনি ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। ঘটনার পর তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল এ ঘটনাকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network