আপডেট: December 16, 2021
আপডেট নিউজ ডেস্ক:: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর ৩০ জন বীর যোদ্ধাসহ ৬৬ সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল বুধবার (১৫ ডিসেম্বর) সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পরে রাশিয়ার ল্যান্ড ফোর্স কমান্ডারের নেতৃত্বে ৩ সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বুধবার (১৫ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাতে পারস্পরিক কুশলাদি বিনিময়ের পর সেনাবাহিনী প্রধান বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ ও যুদ্ধ পরবর্তীতে বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত ও রাশিয়ার অবদান গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সাবেক সেনা কর্মকর্তাবৃন্দ আবেগভরে তাদের স্মৃতি রোমন্থন করেন এবং এই অভ্যর্থনা ও সম্মান প্রাপ্তির জন্য তাদের কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) উভয় প্রতিনিধি দল ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
মহান বিজয় দিবস প্যারেড ২০২১ সহ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে যোগদানের উদ্দেশে ভারত ও রাশিয়ার প্রতিনিধি দল দু’টি যথাক্রমে গত ১৩ এবং ১৪ ডিসেম্বর রাষ্ট্রীয় সফরে ঢাকায় আগমন করেন।
সফরকালে প্রতিনিধি দল দু’টি সেনাবাহিনীর সিলেট সেনানিবাস এবং মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলে প্যারা ড্রপিং সাইট পরিদর্শনসহ মুক্তিযুদ্ধ জাদুঘর ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। সফর শেষে তাঁরা আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করবেন।

