উজিরপুরে গ্রামীণ ব্যাংক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ

আপডেট: November 28, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

উজিরপুর প্রতিনিধি:: বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে একটি মোটরসাইকেলে করে তিন অজ্ঞাত ব্যক্তি গ্রামীণ ব্যাংকের সানুহার শাখা কার্যালয়ের সামনে আসে। এ সময় তারা কাঁচের বোতলে তৈরি তিনটি পেট্রোল বোমা কার্যালয়ের সিঁড়িতে নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। পরে দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

ঘটনার পর উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত একটি আর্থিক প্রতিষ্ঠানে এমন বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন গ্রামীণ ব্যাংকের শাখা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network