জীবননগরে লাটাহাম্বারের ধাক্কায় ৩য় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

আপডেট: November 28, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন: চুয়াডাঙ্গার জীবননগরে লাটাহাম্বারের ধাক্কায় তাসফিয়া ফারিহা (১০) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সম্রাট নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা মসজিদ সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।

মৃত তাসফিয়া ফারিহা প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শেণীর শিক্ষার্থী। সে একই ইউনিয়নের মাধবখালী গ্রামের ছটেঙ্গাপাড়ার খবির হোসেনের মেয়ে। আহত সম্রাট একই গ্রামের আব্দুল গফুরের ছেলে।

জানা গেছে, ফারিহা প্রতিদিনের মতো আজ শনিবার সকালে সম্রাটের বাইসাইকেলে চড়ে স্কুলে যাচ্ছিল। কালা মসজিদের কাছে পৌঁছলে জীবননগর দিক থেকে আসা মাটিভর্তি দ্রুতগতির একটি অবৈধ লাটাহাম্বার ফারিহার বহনকারী বাইসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই মাটিভর্তি অবৈধ লটাহাম্বারের চালক ও গাড়িতে থাকা অন্যরা পালিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, ‘মাটিভর্তি লটাহাম্বারের ধাক্কায় ফারিহা নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লটাহাম্বারটি জব্দ করে নেওয়া হয়েছে থানায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

উল্লেখ্য, সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। কিন্তু এ সমস্ত অবৈধ যানবাহনের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না। ফলে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network