বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৬২ শতাংশ

আপডেট: November 26, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল জেলায় গত এক দশকে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে ৬২ দশমিক ২৭ শতাংশ। বর্তমানে জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১ লাখ ৭২ হাজার ৬৭৬। এসব প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন ৩ লাখ ৭১ হাজার ৫৯২ জন। তবে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বাড়লেও জীবনযাত্রার মান এবং পরিবারের আয়-ব্যয়ের হিসাবে দেশের অন্যান্য বিভাগের তুলনায় পিছিয়ে রয়েছে বরিশাল। এ অবস্থা থেকে উত্তরণে বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা ও কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।বৃহস্পতিবার সকালে বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’-এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, বর্তমান যুগ তথ্য ও উপাত্তের যুগ। ভবিষ্যতে অর্থনৈতিক কর্মকাণ্ডে এগিয়ে যেতে হলে তথ্য-উপাত্তে সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক শুমারির তথ্য দেশের অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরার পাশাপাশি সম্ভাবনা ও সীমাবদ্ধতা চিহ্নিত করে পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বরিশালের অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরে জেলা প্রশাসক বলেন, সীমিত অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে জীবনযাত্রার মান এবং পরিবারের আয়-ব্যয়ের ক্ষেত্রে দেশের অন্যান্য বিভাগের তুলনায় বরিশাল পিছিয়ে রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, নতুন অর্থনৈতিক ইউনিট সৃষ্টি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানো জরুরি।তিনি আরও বলেন, কৃষিজমির পরিমাণ কমলেও উৎপাদন বৃদ্ধি কৃষি খাতের ইতিবাচক দিক। পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নয়ন, চার লেনের সড়ক নির্মাণ এবং কুয়াকাটা পর্যন্ত রেল যোগাযোগ চালু হলে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে। এতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. আতিকুর রহমান। তিনি জানান, অর্থনৈতিক শুমারি-২০২৪ অনুযায়ী, বরিশাল জেলায় মোট অর্থনৈতিক ইউনিট ১ লাখ ৭২ হাজার ৬৭৬টি। এর মধ্যে স্থায়ী প্রতিষ্ঠান ১ লাখ ৫ হাজার ৬১১টি, অস্থায়ী প্রতিষ্ঠান ৬ হাজার ৯৯৭টি এবং অর্থনৈতিক খানা ৬০ হাজার ৬৮টি।

২০১৩ সালের অর্থনৈতিক শুমারিতে জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল ১ লাখ ৭ হাজার ৭২টি। সে হিসাবে এক দশকে ইউনিটের সংখ্যা বেড়েছে ৬২ দশমিক ২৭ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, এসব অর্থনৈতিক ইউনিটে কর্মরত রয়েছেন ৩ লাখ ৭১ হাজার ৫৯২ জন। তাঁদের মধ্যে ২ লাখ ৮৮ হাজার ৭৪০ জন স্থায়ী, ৮ হাজার ৬১৮ জন অস্থায়ী এবং ৭৪ হাজার ২৩৪ জন অর্থনৈতিক খানার সঙ্গে যুক্ত। কর্মরত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩ লাখ ২৬ হাজার ৬৫২ জন এবং নারী ৪৪ হাজার ৯১৮ জন।

বরিশাল বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান।অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, নারী উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network