আপডেট: March 24, 2024
ফাইল ফটো
ভোলা প্রতিনিধি:: ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মাকসুদা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মৃতের স্বামী আহসান হাবিবকে আটক করা হয়েছে।
শনিবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। মৃত মাকসুদা আক্তার বরিশাল জেলার শায়েস্তাবাদ এলাকার বাসিন্দা। আটককৃত আহসান হাবিব ভোলা সদর রোডের আল আরাফাহ ইসলামী ব্যাংকের সেকেন্ড অফিসার। তার বাড়ি শায়েস্তাবাদ এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ওসি মনির হোসেন মিঞা।তিনি জানান, স্ত্রীর সঙ্গে আহসান হাবিবের প্রায় ঝগড়া হতো। তার স্ত্রী বরিশালের একটি কলেজে পড়াশোনা করত। গেল ১৭ মার্চ তিনি স্ত্রীকে বরিশাল থেকে ভোলায় নিয়ে আসেন। স্ত্রী তার সঙ্গে ভোলায় থাকতে অপারগতা প্রকাশ করেন। স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় মাকসুদা আক্তার বাসার একটি খুঁটির সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মাকসুদার মৃত্যুর ঘটনায় তার পরিবার স্বামী আহসান হাবিবের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা আইনে মামলা করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রোববার কোর্টে সোপর্দ করা হয়েছে।

