আমতলীতে দুই নৌকা সমর্থককে কুপিয়ে ও পিটিয়ে আহত

আপডেট: March 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে নির্বাচনী সংঘর্ষে নৌকা মার্কার দুই কর্মী আব্দুর রহমানকে (৪০) কুপিয়ে ও আবুল কালামের স্ত্রী রাবেয়া বেগমকে (৩০) পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা তাদের কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ করেন নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী সোহেলী পারভীন মালা। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের পরিবার সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ৯টার দিকে আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের (আনারস) সমর্থক জাফর তালুকদার (৫০) বাহাউদ্দিন (৩০) মজনু (৩৫) সজল (৩০) আবু বক্কর (৫৫) তৈয়ব (৪০) দুলাল (৫০) দেলোয়ার (৪০) বায়েজীদ (৪৫) আল আমিনসহ তার কর্মী-সমর্থকরা দেশীয় অস্ত্র দা, রামদা, ছেনা ও বাঁশের লাঠি নিয়ে ইউনিয়ন পরিষদ সংলগ্ন নৌকা মার্কার নির্বাচনী অফিস খোলার সময় কর্মী আব্দুর রহমানকে কুপিয়ে ও পিঠিয়ে আহত করে। এরপর ওখান থেকে সন্ত্রাসীরা নৌকার অপর কর্মী আবুল কালামের বাড়ি গিয়ে তাকে খুঁজে না পেয়ে তার স্ত্রী রাবেয়াকে (৩০) পিটিয়ে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহাদৎ হোসেন জানান, আহত দু’জনকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ (আনারস) মুঠোফোনে বলেন, এটা কোনো নির্বাচনী সহিংসতা নয়, পারিবারিক দ্বন্দ্ব। আমার কোনো কর্মী-সমর্থক এ ঘটনার সঙ্গে জড়িত নয়। আমাকে ও আমার কর্মী-সমর্থকদের শুধু শুধু দোষারোপ করা হচ্ছে।

আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী সোহেলী পারভীন মালা মুঠোফোনে বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা শো-ডাউনের নামে দেশিয় অস্ত্র নিয়ে আমার কর্মী আব্দুর রহমানকে কুপিয়ে আহত করে। এরপর তারা আমার আরেক কর্মী আবুল কালামের বাড়ি গিয়ে তাকে না পেয়ে তার স্ত্রী রাবেয়াকে পিটিয়ে আহত করে।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, প্রাথমিক তদন্তে কুপিয়ে আহত করার ঘটনা জানা যায়নি। তবে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network