আপডেট: February 7, 2024
বরগুনা প্রতিনিধি:: বরগুনার আমতলী উপজেলায় নিখোঁজের দুইদিন পর তানজিলা নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার সোনাউটার খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ঐ কিশোরী প্রতিবেশী দুই যুবক গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার সকাল থেকে আমতলী সদর ইউনিয়নের পুজাখোলা গ্রামের মাদরাসা পড়ুয়া তানজিলা নিখোঁজ হয়। এ ঘটনায় মঙ্গলবার তার বাবা তোফাজ্জেল হোসেন আমতলী থানায় সাধারণ ডায়েরি করেন। বুধবার সকালে স্থানীয় সোনাউটার খালের পাতাবনে রশি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় প্রতিবেশী দুই যুবক হৃদয় খান এবং জাহিদুলকে গ্রেফতার করে পুলিশ।
তানজিলার বাবা তোফাজ্জেল হোসেন অভিযোগ করে বলেন, আমার মেয়ে নিখোঁজের পর প্রতিবেশী হৃদয় ও জাহিদুল ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দেওয়ায় তারা আমার মেয়েটাকে মেরে ফেলছে। তারাই আমার মেয়েকে অপহরণ করেছে। আমি তাদের বিচার চাই।
আমতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু জানান, ধারণা করা হচ্ছে ঘাতকরা শ্বাসরোধে হত্যার পর তানজিলার লাশ গুমের জন্য পাতাবনে ফেলে রাখে। এ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

