ইমোর মাধ্যমে প্রেম, সাড়ে ১১ লাখ টাকা খোয়ালেন নারী

আপডেট: December 29, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজশাহীর পবা থানা পুলিশের অভিযানে ইমো অ্যাকাউন্টের মেসেজিংয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে অর্থ হাতিয়ে নেয়া এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। সাইফুল খান শামীম ওরফে জুম্মন খান (৪০) নামের এই প্রতারক এক নারীর সঙ্গে ইমো অ্যাকাউন্টের মেসেজিংয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করে ১১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা হাতিয়ে নিয়েছে।

গত রোববার রাতে জুম্মনকে ঢাকার মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয়। পবা থানার ওসি গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। সাইফুল খান শামীম ওরফে জুম্মন খান মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খাসেরহাটের বজরুসার গ্রামের আজিজুল খান ওরফে আজগর খানের ছেলে। সে বর্তমানে ঢাকা মহানগরীর মুগদা থানার মুগদাপাড়া ১নং গলিতে বসবাস করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতারক জুম্মন নিজেকে আমেরিকা প্রবাসী বলে দাবি করেন।  কিন্তু বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসে আগ্রহ প্রকাশ করে পবা থানার এক নারীর সঙ্গে ইমো অ্যাকাউন্টের মেসেজিংয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর জুম্মন ওই নারীকে ইসলামী শরিয়াহ মোতাবেক গত জুন মাসে বিয়ে করেন। প্রেমের সম্পর্ক থাকাকালীন ও বিয়ে পরবর্তী সময়ে জুম্মন ওই নারীর কাছ থেকে ব্যবসায়িক সমস্যার কথা বলে এসএ পরিবহনের মাধ্যমে বিভিন্ন সময়ে ১১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয়।

ওই নারী জুম্মনের প্রতারণা বুঝতে পেরে পবা থানায় লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে পবা থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়। মামলাটি দায়েরের পরপরই আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশে পবা থানার একটি টিম এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে আসামিকে ঢাকা মহানগরীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করে।

পবা থানার ওসি গোলাম মোস্তফা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার নাম-ঠিকানা এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network