আপডেট: মার্চ ১৮, ২০২৬
আপডেট নিউজ ডেস্ক:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে উত্তরের পথে ঘরমুখী মানুষের ঢল নেমেছে গাজীপুরের চন্দ্রা বাস টার্মিনালে।
মঙ্গলবার বিকেলে শিল্পাঞ্চলের কয়েকশ পোশাক কারখানা ছুটি হওয়ার পর সন্ধ্যার দিক থেকে যাত্রী ও যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে গেছে। এর ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কে প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর থেকে চন্দ্রা টার্মিনাল পর্যন্ত ৫ কিলোমিটার এবং চন্দ্রা-নবীনগর সড়কের কবিরপুর থেকে চন্দ্রা পর্যন্ত ৫ কিলোমিটারসহ পার্শ্ববর্তী সংযোগ সড়কগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
ভুক্তভোগী যাত্রীরা জানান, চন্দ্রা টার্মিনাল পর্যন্ত পৌঁছাতেই দীর্ঘ সময় লেগে যাচ্ছে। এছাড়া নির্ধারিত কাউন্টার না থাকায় এবং বাসে ওঠার জন্য যাত্রীদের হুড়োহুড়িতে বিশৃঙ্খলা আরও বাড়ছে। বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে ঘরমুখী মানুষ চরম বিড়ম্বনায় পড়েছেন।গাজীপুর জেলা পুলিশের ইন্সপেক্টর মো. শাহাবুদ্দিন জানান, দিনের বেলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর পোশাক কারখানাগুলো ছুটি হওয়ায় হঠাৎ করেই চাপ বেড়েছে। বাসগুলো যাত্রী তোলার জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় টার্মিনাল এলাকায় জটলার সৃষ্টি হচ্ছে। তবে যানজট নিরসনে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

