আপডেট: মার্চ ১৯, ২০২৬
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নে একটি মাদ্রাসার ভোগদখলীয় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ উঠেছে, স্থানীয় আওয়ামী লীগ পরিবারের সদস্য মুন্নী বেগম মাদ্রাসার জমি দখলের পাঁয়তারা করছেন। তিনি মৃত মিজানুর রহমানের স্ত্রী এবং সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা ইউনুস সরদারের পরিবারের সদস্য।স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ২০২৬ মাদ্রাসা সংলগ্ন সরকারি ভরাটকৃত জমিতে এতিমখানা নির্মাণের লক্ষ্যে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়। এ সময় মুন্নী বেগমের পিতা মো. গিয়াস ফকির, ছেলে মুমিন সরদারসহ ৮-১০ জন উপস্থিত ছিলেন।অভিযোগ রয়েছে, পরদিন ৯ মার্চ সকাল ১০টার দিকে একই পক্ষের লোকজন সাইনবোর্ডটি ভাঙচুর করে অপসারণ করে।
এর আগে ৫ মার্চ ওই জমি থেকে মাটি কাটার অভিযোগে মুন্নী বেগমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।অভিযোগকারীদের দাবি, বিরোধপূর্ণ জমিটি ভিপি (ভেস্টেড প্রপার্টি) হিসেবে তফসিলভুক্ত এবং প্রায় ২৫ বছর ধরে মাদ্রাসার দখলে রয়েছে। এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ সহকারী কমিশনার (ভূমি), উজিরপুর বরাবর ডিসিআরের জন্য আবেদন করেছে।
এ বিষয়ে মো. জালিস মৃধা বলেন, “আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাচ্ছি।”
অভিযুক্ত মুন্নী বেগম বলেন, “জমিটি আমার দখলে রয়েছে। বরং আমার জমি দখলের চেষ্টা করা হচ্ছে।”
মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. জহিরুল ইসলাম জানান, “জমিটি দীর্ঘদিন ধরে মাদ্রাসার দখলে রয়েছে। এটি দখলের অপচেষ্টা চলছে।”মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর মাঝি বলেন, “২০-২৫ বছর ধরে জমিটি মাদ্রাসার নিয়ন্ত্রণে রয়েছে।”উজিরপুর মডেল থানার ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, “উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

