আপডেট: February 3, 2025
অনলাইন ডেস্ক:: সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ছয় পথচারী গরুচোর সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন। এতে একজন একজন মারা গেছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম এ তথ্য জানান। এই ঘটনায় পাঁচজন আহত হন।
রবিবার শেরপুরে নকলা উপজেলার দক্ষিণ নকলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুসলিম উদ্দিন (৪৫) ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার মৃত মইজ উদ্দিনের ছেলে।
আহতরা হলেন ঝিনাইগাতী গোমড়া এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে আমির হোসেন (৩০), জয়নাল আবেদীনের ছেলে আজি রহমান (১৯), সুরুজ মিয়ার ছেলে রাজু মিয়া (২৫), আবুল হোসেনের ছেলে আয়নাল হক (৩৪) এবং সন্ধ্যাকুড়া এলাকার মো. শাহজাদার ছেলে মো. সাদ্দাম হোসেন (৩০)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, নিহত একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় নকলা থানায় একটি মামলা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেরপুর-ঢাকা মহাসড়কের পাশে দক্ষিণ নকলা এলাকায় রবিবার রাতে পথচারী ওই ছয়জনকে দাঁড়িয়ে থাকতে দেখে গরুচোর বলে চিৎকার শুরু করে স্থানীয়রা। পরে স্থানীয় কয়েকশ লোক জড়ো হয়ে গরুচোর সন্দেহে তাদেরকে পিটুনি দেয়। এ সময় তারা গুরুতর আহত হন।নকলা থানার পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তারা আরো জানায়, মুসলিম চিকিৎসাধীন মারা যান। অন্যদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

