গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে মহড়া, ১৭ মোটরসাইকেলে আগুন

আপডেট: August 19, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরে কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে গিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ১৭টি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকালে মহানগরীর সালনায় পাকিস্তানি গার্মেন্ট নামে পরিচিত ইউটা গার্মেন্টসের সামনে এই ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘ ১৯ বছর ধরে দক্ষিণ সালনায় অবস্থিত ইউটা গার্মেন্টে ঝুট ব্যবসা করেন স্থানীয় কাউলতিয়া সাংগঠনিক থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মো. শহিদুল্লাহ কাজী।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর ওই ব্যবসা দখলে নিতে বিএনপির একটি গ্রুপ একাধিকবার চেষ্টা চালায়। এরই ধারাবাহিকতায় গত ১১ আগস্ট শহিদুল্লাহর অফিসে হামলা ও ভাঙচুর চালানো হয়।
আজ সোমবার সকাল ৯ টার দিকে ৫০-৬০টি মোটরসাইকেল নিয়ে বিএনপির দুইটি গ্রুপ কারখানার সামনে জড়ো হয়ে মহড়া দিতে থাকে। খবর পেয়ে শহিদুল্লাহ কাজীর পক্ষের এবং বিএনপির অপর একটি অংশের লোকজন মোটরসাইকেলে আসা লোকজনদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়।এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময় শুরু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় ১৭টি মোটরসাইকেল।
এ বিষয়ে শহিদুল্লাহ কাজী বলেন, আজ সকালে তিনি ট্রাকে করে কারখানা থেকে ঝুট বের করছিলেন। হঠাৎ অর্ধশতাধিক মোটরসাইকেল করে একদল লোক এসে কারখানার সামনে অবস্থান নিয়ে লাঠিসোঁটা নিয়ে মহড়া দেয়।কিছুক্ষণ পর স্থানীয় লোকজন জড়ো হয়ে ধাওয়া করে তাদের তাড়িয়ে দেয়।
তিনি বলেন, শুনেছি ১৫-২০টি মোটরসাইকেল ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়েছে। কারা হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছেন তা আমার জানা নেই। তবে ১০-১২দিন ধরে বিএনপির লোক পরিচয়ে বিভিন্ন লোক ব্যবসা ছেড়ে দিতে আমাকে মোবাইল ফোনে হুমকি দিচ্ছিলেন।ঘটনার বিষয়ে জানতে চাইলে নগরীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network