আপডেট: July 6, 2026
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার উথলী রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৬ই জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে প্ল্যাটফর্মের পশ্চিম পাশে চিলাহাটিগামী ৭২৭ আপ রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি বেশ কয়েকদিন ধরেই উথলী রেলস্টেশন এলাকায় ঘোরাঘুরি করতেন। রেললাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি ট্রেনে কাটা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার একাধিক অঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তিনি মানসিক রোগী ছিলেন।
খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছেন দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রফিক। তিনি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
উথলী রেলস্টেশনের কর্তব্যরত মাস্টার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আপ রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

