আপডেট: December 25, 2024
বিজিবির অভিযানে স্বর্ণের ১৪টি বারসহ আটক ৩ যুবক
চুয়াডাঙ্গা রেলস্টেশনে অভিযান চালিয়ে এক কেজি ৬৩০ গ্রাম ওজনের স্বর্ণের ১৪টি বারসহ তিন যুবককে আটক করেছে বিজিবি। বুধবার (২৫শে ডিসেম্বর ২০২৪) বিকালে তাদের আটক করা হয়। আটক তিন যুবক হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন শ্যামপুর গ্রামের মমিন মিয়ার ছেলে জাকিরুল ইসলাম (২৮) ও রাজিবুল ইসলাম (২৫) এবং একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে সোলাইমান হোসেন (২২)।
বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের পরিকল্পনায় এবং নেতৃত্বে একটি বিশেষ টহলদল চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকায় অবস্থান নেয়।
বুধবার বিকাল আনুমানিক সাড়ে ৪টার সময় ট্রেন থেকে নামা সন্দেহভাজন তিন ব্যক্তি স্টেশনে ঘোরাফেরা করতে থাকলে তাদের গতিরোধ করা হয়। এসময় তাঁরা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের শরীর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের ১৪টি বার উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন এক কেজি ৬৩০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।
এ ঘটনায় নায়েক জিয়াউর রহমান বাদী হয়ে আটক তিন যুবকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের ও হস্তান্তর করা হয়েছে। প্রক্রিয়াধীন রয়েছে জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

