আপডেট: December 12, 2022
অনলাইন ডেস্ক:: বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি ভাঙ্গারির দোকান থেকে পল্লী বিদ্যুতের বিপুল পরিমাণ চোরাই তার উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকার ফারুক আকনের ভাঙ্গারির দোকান থেকে দুই চোরকে আটক ও একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন-শরণখোলার রাজৈর গ্রামের ফারুক আকনের ছেলে নিজাম আকন (৩৮) ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের মতিয়ার রহমানের ছেলে রুবেল মিয়া (২৮)। সোমবার সকালে আটক দুজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম শেখ জানান, চোরাই বৈদ্যুতিক তার পাচারের গোপন সংবাদ পেয়ে রবিবার রাতে উপজেলা রাজৈর এলাকার ফারুক আকনের ভাঙ্গারির দোকানে অভিযান চালানো হয়। এসময় বৈদ্যুতিক তারগুলো কেটে টুকরো করে ট্রাকে তোলা হচ্ছিল। পরে এ ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক এবং তারসহ ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধার হওয়া তারের পরিমাণ প্রায় ৫০০ কেজি। যার মূল্য লক্ষাধিক টাকা।
পল্লী বিদ্যুতের এজিএম আশিক মাহামুদ সুমন জানান, বিদ্যুতের নতুন লাইন সংযোগ দেওয়ায় বিভিন্ন এলাকায় পুরনো লাইনের তারগুলো রয়ে যায়। সেসব তার চুরি করে পাচার করছিল চোররা। এই চক্রটি দীর্ঘদিন ধরে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার, তার ও বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে আসছিল। এর আগে গত ৪ ডিসেম্বর উপজেলার মালিয়া রাজাপুর গ্রাম থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। গত ২ নভেম্বর জিলবুনিয়া গ্রাম থেকে আরো একটি ট্রান্সফরমার চুরি করে পালানোর সময় এলাকাবাসী দেখে ফেলায় সেটি ফেলে পালিয়ে যায় চোররা। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।

