১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল!

ছাত্রশিবিরের ৪৯ বছরের গৌরব, সংগ্রাম ও প্রত্যয়ের ইতিহাস

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

“মুহাম্মদ ইমাদুল হক ফিরদাউছ”

বাংলাদেশের রাজনীতি ও সমাজবাস্তবতায় ছাত্র আন্দোলন কখনোই কেবল শ্রেণিকক্ষের চার দেয়ালে সীমাবদ্ধ থাকেনি। এই জনপদের ইতিহাসে ছাত্রসমাজ বরাবরই ছিল রাষ্ট্রের বিবেক—অন্যায়ের মুখোমুখি দাঁড়ানো প্রথম সাহসী কণ্ঠ, পরিবর্তনের পথে অগ্রদূত এক দীপ্ত মিছিল। ভাষা আন্দোলন থেকে গণঅভ্যুত্থান—প্রতিটি বাঁকে ছাত্রদের আত্মত্যাগ আর আদর্শিক দৃঢ়তা জাতিকে পথ দেখিয়েছে। এই দীর্ঘ ও গৌরবময় ছাত্ররাজনীতির ধারায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এক স্বতন্ত্র, ব্যতিক্রমী নাম। কারণ এই সংগঠন ক্ষমতার রাজনীতিকে নয়, মানুষ গঠনের রাজনীতিকে অগ্রাধিকার দিয়েছে; স্লোগানের উচ্চতার চেয়ে চরিত্রের গভীরতাকে, আর ক্ষণস্থায়ী লাভের চেয়ে দীর্ঘমেয়াদি আদর্শকে বেছে নিয়েছে। তাই শিবির কেবল একটি সংগঠনের নাম নয়—এটি এক নীরব বিপ্লব, যা প্রচারের আলোয় নয়, বরং আত্মার গভীরে পরিবর্তন ঘটাতে চায়। মহান আল্লাহ তায়ালার ঘোষণা “তোমাদের মধ্যে এমন একটি দল থাকা চাই, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎকাজের নির্দেশ দেবে এবং অসৎকাজ থেকে নিষেধ করবে।” (সূরা আলে ইমরান : ১০৪)। এই আয়াতই যেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পথচলার মৌলিক দর্শন। বাংলাদেশের ছাত্ররাজনীতির ইতিহাসে অনেক নাম সময়ের স্রোতে হারিয়ে গেছে, আবার কিছু নাম সময়কে অতিক্রম করে স্থায়ী হয়ে উঠেছে। ছাত্রশিবির সেই দ্বিতীয় ধারার সংগঠন—যে সময়ের সাথে আপস করেনি, বরং সময়কে প্রশ্ন করেছে; নিস্তেজ সমাজে আত্মাকে জাগিয়েছে; স্লোগাননির্ভর রাজনীতির ভিড়ে মানুষ গড়ার নীরব সাধনায় নিজেকে নিয়োজিত রেখেছে। এই লেখা কোনো দূরবর্তী গবেষকের শীতল বিশ্লেষণ নয়। এটি হৃদয়ের মনিকোঠা থেকে উঠে আসা এক আন্তরিক সাক্ষ্য যেখানে ইতিহাস, ঐতিহ্য ও আদর্শ পরস্পরের সাথে মিশে একাকার হয়ে গেছে। কর্মীর চোখে দেখা সংগঠন কেবল কাঠামো বা কর্মসূচির সমষ্টি নয়; এটি আত্মশুদ্ধির পথ, দায়িত্ববোধের শিক্ষা এবং আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়ে চলার এক নিরব অঙ্গীকার।
১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যে ক্ষুদ্র কাফেলার যাত্রা শুরু হয়েছিল, ২০২৬ সালে এসে সেই কাফেলা দাঁড়িয়ে আছে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। দীর্ঘ ৪৯ বছরের পথচলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শুধু টিকে থাকেনি—সময়, নির্যাতন ও প্রতিকূলতার মধ্য দিয়ে নিজেকে শাণিত করেছে। একটি সাধারণ ছাত্রসংগঠনের সীমা অতিক্রম করে এটি পরিণত হয়েছে এক আদর্শিক আন্দোলনে, এক বিকল্প শিক্ষা দর্শনে এবং এক নৈতিক প্রতিরোধের প্রতীকে। এই পথচলা প্রমাণ করে—আদর্শ যদি আল্লাহভীরুতা, ন্যায় ও চরিত্রের উপর প্রতিষ্ঠিত হয়, তবে সময়ের ঝড় তাকে উপড়ে ফেলতে পারে না। নীরবতাই তখন হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী ভাষা, আর আত্মগঠনের সংগ্রামই হয়ে ওঠে সবচেয়ে গভীর বিপ্লব।

সময়ের অনিবার্যতায় জন্ম : ইতিহাস সাক্ষ্য দেয় কোনো সংগঠনের জন্ম কখনো হঠাৎ ঘটে না। তার পেছনে থাকে সময়ের গভীর সংকট, সমাজের নীরব আর্তনাদ এবং ভবিষ্যতের এক অনিবার্য দাবি। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে রাষ্ট্রীয় কাঠামো গড়ে উঠলেও নৈতিক ও আদর্শিক ভিত্তি দ্রুতই ক্ষয়ে যেতে শুরু করে। রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও স্বজনপ্রীতির বিস্তার, সঙ্গে সাংস্কৃতিক অবক্ষয়ের স্রোত—সব মিলিয়ে সমাজজুড়ে তৈরি হয় এক শূন্যতা, যেখানে আদর্শের কণ্ঠ ক্রমে ক্ষীণ হয়ে আসে। ১৯৭০–এর দশকের মাঝামাঝি সময়ে সেই শূন্যতা আরও স্পষ্ট হয়ে ওঠে। স্বাধীনতার স্বপ্ন ছিল উজ্জ্বল, কিন্তু সেই স্বপ্নকে সঠিক পথে চালিত করার নৈতিক দিকনির্দেশনা ছিল অস্পষ্ট। শিক্ষাঙ্গনগুলো ধীরে ধীরে জ্ঞানচর্চার কেন্দ্র থেকে সরে গিয়ে ক্ষমতার রাজনীতির লাঠিয়াল সংস্কৃতির আশ্রয়স্থলে পরিণত হচ্ছিল। ছাত্রত্বের মর্যাদা চাপা পড়ছিল স্লোগানের কোলাহলে, আর আদর্শের জায়গা দখল করছিল সুবিধাবাদ। এই প্রেক্ষাপটে কিছু আল্লাহভীরু, দূরদর্শী ও চিন্তাশীল তরুণ গভীরভাবে উপলব্ধি করেছিলেন—দেশকে রক্ষা করতে হলে আগে মানুষকে গড়তে হবে, আর মানুষ গড়ার সূচনাবিন্দু হলো চরিত্রবান ছাত্রসমাজ। তাদের বিশ্বাস ছিল, রাজনৈতিক পরিবর্তনের আগে প্রয়োজন নৈতিক পুনর্জাগরণ; ক্ষমতার লড়াইয়ের আগে দরকার আত্মশুদ্ধির সংগ্রাম। ১৯৭১ থেকে ১৯৭৫—এই সময়কালে একদলীয় শাসনব্যবস্থা, মতপ্রকাশের স্বাধীনতার সংকোচন এবং ধর্মভিত্তিক রাজনীতির ওপর আরোপিত নিষেধাজ্ঞা দেশের বৃহৎ একটি অংশকে সামাজিক ও রাজনৈতিক ভূমিকা থেকে কার্যত বিচ্ছিন্ন করে দেয়। ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সংবিধানের ৩৮ নম্বর ধারার সংশোধনের মাধ্যমে ধর্মভিত্তিক রাজনীতির পথ উন্মুক্ত হলেও ছাত্রসমাজে তখনও স্পষ্ট আদর্শিক নেতৃত্বের অভাব প্রকট ছিল। ঠিক এই শূন্যতার ভেতরেই জন্ম নেয় এক নতুন উপলব্ধি—এমন একটি ছাত্রসংগঠনের প্রয়োজন, যা তরুণদের কেবল রাজনৈতিক কর্মী হিসেবে গড়ে তুলবে না; বরং ঈমান, নৈতিকতা ও দায়িত্ববোধে আলোকিত সৎ নাগরিক হিসেবে তৈরি করবে। যে সংগঠন ক্ষমতার মোহে নয়, আল্লাহর সন্তুষ্টির পথে চলাকে জীবনের লক্ষ্য বানাবে। এই উপলব্ধিরই বাস্তব ও সংগঠিত রূপ হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির—যার জন্ম কোনো আকস্মিক ঘটনা নয়, বরং সময়ের গভীর দাবি ও আদর্শিক তাগিদের এক স্বাভাবিক পরিণতি।

প্রতিষ্ঠা ও লক্ষ্য : একটি স্পষ্ট দর্শন : ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি—ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ। ইতিহাসের কোলাহল থেকে খানিক দূরে, নীরব প্রার্থনার সেই পবিত্র পরিসরে মাত্র ছয়জন তরুণের হাতে জন্ম নেয় এক সংগঠন, যার লক্ষ্য ছিল বড়, কিন্তু ভাষা ছিল সংযত; যার স্বপ্ন ছিল সুদূরপ্রসারী, কিন্তু পদচারণা ছিল বিনয়ী। সেই সংগঠনটির নাম—বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মীর কাশেম আলী। এই ক্ষুদ্র সূচনা কোনো তাৎক্ষণিক আবেগের ফল নয়; বরং এটি ছিল গভীর চিন্তা, আত্মজিজ্ঞাসা ও সময়-সচেতন উপলব্ধির ফসল।প্রতিষ্ঠালগ্নেই সংগঠনটি তার লক্ষ্য নির্ধারণ করে দেয় স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় “মহান আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা.) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন।” এই লক্ষ্য কেবল ব্যক্তিগত আধ্যাত্মিক উন্নতির আহ্বান নয়; এটি এক সমন্বিত জীবনদর্শন। যেখানে মানুষের ব্যক্তি জীবন যেমন আলোকিত হবে ঈমান ও নৈতিকতায়, তেমনি সমাজ, রাষ্ট্র ও অর্থনীতিও পরিচালিত হবে ন্যায়, ইনসাফ ও মানবিকতার ভিত্তিতে। এখানে ইবাদত বিচ্ছিন্ন কোনো অনুশীলন নয়; বরং জীবনের প্রতিটি ক্ষেত্রেই আল্লাহর বিধানের প্রতিফলন ঘটানোর এক সচেতন প্রয়াস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদ থেকে যে ক্ষুদ্র কাফেলার যাত্রা শুরু হয়েছিল, তা সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়েছে এক বিস্তৃত আদর্শিক আন্দোলনে। কয়েকজন তরুণের নিষ্ঠা, আত্মত্যাগ ও দৃঢ় বিশ্বাসে গড়ে ওঠা এই সংগঠন আজ আর কেবল একটি নাম নয়—এটি একটি দর্শন, একটি পথনির্দেশ, একটি নীরব কিন্তু গভীর পরিবর্তনের ধারা। এই প্রতিষ্ঠা প্রমাণ করে—যখন লক্ষ্য স্পষ্ট হয়, পথ নিজেই ধীরে ধীরে উন্মুক্ত হয়ে যায়। আর যখন উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি, তখন ক্ষুদ্র সূচনাও ইতিহাসের দীর্ঘ যাত্রায় রূপ নেয়।

শিবিরের ভিশন : সমৃদ্ধ বাংলাদেশের পথে চরিত্রবান মানুষ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দৃষ্টি কোনো ক্ষুদ্র সাফল্যে সীমাবদ্ধ নয়। তার ভিশন বিস্তৃত, সুদূরপ্রসারী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি। এই ভিশনে আছে দেশের প্রতি দায়বদ্ধতা, মানুষের প্রতি ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টির পথে অবিচল থাকার অঙ্গীকার। শিবির বিশ্বাস করে রাষ্ট্রের সমৃদ্ধি আসে না কেবল অবকাঠামো বা অর্থনীতির প্রসারে; আসে চরিত্রবান মানুষের হাতে, যারা নৈতিকতা, দক্ষতা ও দেশপ্রেমকে জীবনের মূল ভিত্তি করে নেয়। এই ভিশন বাস্তবায়নের জন্য সংগঠনটি নির্ধারণ করেছে পাঁচ দফার বাস্তবসম্মত কর্মসূচি যেগুলো কেবল কাগুজে পরিকল্পনা নয়; বরং প্রায় পাঁচ দশকের অভিজ্ঞতায় পরিশীলিত ও পরীক্ষিত এক পূর্ণাঙ্গ কাঠামো।

পাঁচ কর্মসূচি : একটি সুসংগঠিত পথনকশা : শিবিরের কাজ এলোমেলো আবেগে পরিচালিত নয়, কিংবা হঠাৎ উদ্ভূত সিদ্ধান্তের ফলও নয়। প্রতিটি কর্মসূচি একটি সুস্পষ্ট দর্শনের উপর দাঁড়িয়ে, একটি দীর্ঘমেয়াদি লক্ষ্যকে সামনে রেখে বাস্তবায়িত হয়। প্রথম—দাওয়াত। মানুষকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে আহ্বান করা। হৃদয়ে ঈমানের আলো জ্বালানো এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহভীরুতা প্রতিষ্ঠার প্রয়াস। দ্বিতীয়—সংগঠন। নৈতিকতা ও আদর্শে বিশ্বাসী ছাত্রসমাজকে সংগঠিত করা, যাতে তারা একা নয়—বরং সম্মিলিতভাবে কল্যাণের পথে এগিয়ে যেতে পারে। তৃতীয়—প্রশিক্ষণ। জ্ঞান, নেতৃত্ব ও চরিত্রের সুষম বিকাশ। এখানে নেতৃত্ব মানে কর্তৃত্ব নয়, বরং দায়িত্ব; ক্ষমতা নয়, বরং খেদমত। চতুর্থ—ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যা সমাধান। শিক্ষাঙ্গনে নৈতিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের বাস্তব সমস্যার ন্যায্য সমাধানে সচেষ্ট থাকা। পঞ্চম—ইসলামী সমাজ বিনির্মাণের প্রস্তুতি। ব্যক্তি ও সমাজকে এমনভাবে গড়ে তোলা, যেখানে ন্যায়, ইনসাফ ও মানবিকতা হবে সামাজিক জীবনের ভিত্তি। এই পাঁচ কর্মসূচিই শিবিরকে সাময়িক কোনো ছাত্রসংগঠনে সীমাবদ্ধ রাখেনি; বরং পরিণত করেছে এক দীর্ঘমেয়াদি আদর্শিক আন্দোলনে।

মানুষ গড়ার বিকল্প শিক্ষা আন্দোলন : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সবচেয়ে বড় অবদান—এটি একটি বিকল্প শিক্ষা আন্দোলন। যেখানে প্রচলিত শিক্ষা ব্যবস্থা একজন শিক্ষার্থীকে প্রধানত পেশাজীবী হিসেবে গড়ে তুলতে চায়, সেখানে শিবির চায় একজন পূর্ণাঙ্গ মানুষ তৈরি করতে—যার জ্ঞান আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে নৈতিকতা। একজন শিবির কর্মীর জীবন কেবল ক্লাস, পরীক্ষা আর সনদের আবর্তে বন্দী থাকে না। তার দৈনন্দিন জীবন জুড়ে থাকে কুরআন ও হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য পাঠ, নিয়মিত আত্মসমালোচনা এবং পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায়ের অভ্যাস। এই ধারাবাহিক অনুশীলনে গড়ে ওঠে শৃঙ্খলা, নৈতিক দৃঢ়তা ও আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ। এই কারণেই বহু বিশ্লেষক ও পর্যবেক্ষক ছাত্রশিবিরকে আখ্যা দিয়েছেন—“মানুষ তৈরির কারখানা” হিসেবে। কারণ এখানে মানুষ কেবল দক্ষতা শেখে না, শেখে সৎভাবে বাঁচতে।

ত্যাগ, রক্ত ও নির্যাতনের অধ্যায় : শিবিরের ইতিহাস শুধু সাফল্যের বর্ণনা নয়; এটি ত্যাগ, রক্ত ও অবিচলতার এক দীর্ঘ অধ্যায়। আশির দশক থেকেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির নেতাকর্মীরা সহিংসতার শিকার হয়েছেন। ১৯৮২ সালের ১১ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে সংঘটিত হামলায় চারজন শিবির কর্মীর শাহাদাত আজও সংগঠনের স্মৃতিতে গভীর বেদনা ও গৌরবের চিহ্ন হয়ে রয়েছে। পরবর্তী দশকগুলোতেও সংঘর্ষ, হত্যা ও নিষেধাজ্ঞা শিবিরের পিছু ছাড়েনি। বিশেষ করে ২০০৯ থেকে ২০২৪—এই সময়কাল ছিল এক কঠিন পরীক্ষা। বহু নেতাকর্মী গুম, খুন ও বিচারবহির্ভূত নির্যাতনের শিকার হয়েছেন—যার প্রতিফলন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনেও দেখা যায়। তবুও শিবির ভেঙে পড়েনি। কারণ তাদের শক্তির উৎস ছিল কোনো বাহ্যিক সমর্থন নয়; ছিল আল্লাহর উপর অটল তাওয়াক্কুল, নৈতিক দৃঢ়তা এবং সংগঠনের সুসংহত কাঠামো। প্রতিকূলতার মাঝেও তারা বিশ্বাস করেছে—আদর্শের পথ কণ্টকাকীর্ণ হলেও পরিণাম আলোকিত।

জুলাই বিপ্লব ও পুনরুত্থান : ২০২৪ সালের জুলাই মাস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শুধু একটি সময়কাল নয়—এটি এক মনস্তাত্ত্বিক মোড়বদলের নাম। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, অনিয়ম ও প্রতিনিধিত্বহীনতার বিরুদ্ধে যখন ছাত্রসমাজ রাজপথে নেমে আসে, তখন প্রমাণিত হয়—এই দেশের পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন এখনো তরুণরাই। এই গণআন্দোলনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেমন বিস্ময় জাগায়, তেমনি বিশ্লেষকদের দৃষ্টি কাড়ে সংগঠিত ও শৃঙ্খলাপূর্ণ নেতৃত্বের ভূমিকা। এখানেই স্পষ্ট হয়ে ওঠে ইসলামি ছাত্রশিবিরের উপস্থিতি—নীরব কিন্তু সুদৃঢ়, দৃশ্যমান কিন্তু সংযত। সহিংসতা এড়িয়ে দাবি আদায়ের কৌশল, আন্দোলনে নৈতিক শৃঙ্খলা বজায় রাখা এবং সর্বস্তরের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার সক্ষমতা রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে নতুন করে আলোচনার বিষয় হয়ে ওঠে। দীর্ঘ দেড় দশকের দমন-পীড়ন, সাংগঠনিক নিষেধাজ্ঞা ও নেতাকর্মীদের ওপর নির্যাতনের পরও—এই আন্দোলন যেন প্রমাণ করে দেয়, আদর্শের শিকড় কাগজে নয়; মানুষের বিশ্বাসে গাঁথা থাকে।

নিষেধাজ্ঞা প্রত্যাহার ও গণআস্থার পুনর্নির্মাণ : জুলাই বিপ্লব-পরবর্তী বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল—ইসলামি ছাত্রশিবিরের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার। এটি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না; বরং রাজনৈতিক পরিসরে একটি স্বীকৃতি—যে কোনো সংগঠনকে দমন করে নয়, বরং গণতান্ত্রিক প্রতিযোগিতার মধ্যেই যাচাই করা উচিত।
এরপর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও প্রতিনিধিত্বমূলক নির্বাচনে যে ফলাফল সামনে আসে, তা এই বাস্তবতাকেই দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) থেকে শুরু করে জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়—একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিজয় ছিল কেবল সাংগঠনিক সাফল্য নয়; ছিল সাধারণ শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন। এই বিজয়গুলো দেখিয়ে দেয়—শিবিরের প্রতি সমর্থন কোনো সাময়িক আবেগ নয়, বরং দীর্ঘদিনের পরিচিতি, নৈতিক অবস্থান এবং শিক্ষার্থীদের বাস্তব সমস্যায় পাশে থাকার ফল।

পুনরুত্থানের অর্থ : রাজনীতি নয়, আস্থার রাজপথ
জুলাই বিপ্লবের পর শিবিরের এই পুনরুত্থান অনেকের কাছে বিস্ময়কর হলেও, ইতিহাস জানে—যে সংগঠন মানুষের চরিত্র গঠনে বিনিয়োগ করে, তাকে মুছে ফেলা যায় না। গোপন কাঠামো, প্রশিক্ষিত কর্মী ও আল্লাহভীরু নেতৃত্বের উপর দাঁড়িয়ে থাকা এই সংগঠন প্রমাণ করেছে—ক্ষমতার পালাবদলে নয়, বরং নৈতিক দৃঢ়তাতেই টিকে থাকার রহস্য।
এই পুনরুত্থান কোনো প্রতিশোধের রাজনীতি নয়; এটি আস্থার রাজপথে ফিরে আসা। যেখানে শিক্ষার্থীরা আবার বিশ্বাস করতে শুরু করেছে—রাজনীতি মানেই সন্ত্রাস নয়, নেতৃত্ব মানেই লোভ নয়, আর সংগঠন মানেই বিশৃঙ্খলা নয়।
জুলাই ২০২৪ তাই কেবল একটি আন্দোলনের স্মৃতি হয়ে থাকবে না। এটি স্মরণীয় হয়ে থাকবে একটি সত্যের জন্য—
দীর্ঘ নিপীড়নের পরও আদর্শ যদি জীবিত থাকে, তবে ইতিহাস একদিন না একদিন তার পক্ষে কথা বলবেই।

নেতৃত্বের ধারাবাহিকতা ও সাংগঠনিক সংস্কৃতি : ৪৯ বছরের দীর্ঘ ইতিহাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তার অগ্রযাত্রায় পৌঁছেছে শক্তিশালী নেতৃত্ব বিকাশের মাধ্যমে—যা শুধু নাম বা পদ নয়, বরং একটি গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক ও আদর্শভিত্তিক সাংগঠনিক সংস্কৃতির সাক্ষী। প্রতি বছর সদস্যদের মাধ্যামে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন বা মনোনয়ন ও কার্যকরী কমিটির গঠনের মাধ্যমে নেতৃত্বের রূপান্তর ঘটে থাকে, যা সংগঠনকে নিজেকে পুনর্গঠন ও সময়োপযোগী করে তুলতে সহায়তা করে। বর্তমান কেন্দ্রীয় সভাপতি হিসেবে নুরুল ইসলাম সাদ্দাম দায়িত্ব পালন করছেন এবং সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব নিয়ে আছেন সিবগাতুল্লাহ সিবগা (২০২৬ সেশন)। এমন ধারাবাহিক নেতৃত্বই শিবিরকে প্রতিটি সংকটের সময় পুনরুজ্জীবিত হওয়ার শক্তি জোগায়—চাই তা রাজনৈতিক চাপ, নিষেধাজ্ঞা, কিংবা সংগঠনের পথচলায় উত্থান-পতনের মতো সময়।

এই সাংগঠনিক কাঠামোতে রয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, শাখা কমিটি, বিভাগীয় ও কলেজ/বিশ্ববিদ্যালয় স্তরের ইউনিট—যা সংগঠনটিকে শুধু কেন্দ্রীয় মাত্রায় সীমাবদ্ধ রাখে না, বরং দেশের বিভিন্ন স্তরে সক্রিয় ও সংগঠিত করে।
শিবিরের সাংগঠনিক সংস্কৃতি কেবল ক্ষমতার প্রতিযোগিতা নয়; বরং দায়িত্ববোধ, নিষ্ঠা ও আদর্শগত একাগ্রতায় বিশ্বাসী। নিয়মিত কর্মী সম্মেলন, দাওয়াত–প্রশিক্ষণ কর্মসূচি, এবং নেতৃস্থানীয় কর্মকান্ডসমূহ শিবিরকে একটি সুশৃঙ্খল, আদর্শমুখী সংগঠনে রূপান্তরিত করেছে, যেখানে নেতৃত্ব মানে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রত্যয়।

ভবিষ্যতের বাংলাদেশ ও শিবিরের প্রত্যয় : ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আজ এক নতুন বাস্তবতার মুখোমুখি যেখানে গণতান্ত্রিক প্রত্যাশা ও নৈতিক রাজনীতির প্রয়োজন একইসাথে দাবি করছে স্থান। আধুনিক বাংলাদেশের শিক্ষার্থীরা শুধু চাকরি বা নিরাপদ ভবিষ্যৎ চাইছেন না; তারা চাইছেন নৈতিক নেতৃত্ব, মানবিক দৃষ্টিভঙ্গি এবং সমাজ বদলের বাস্তব ব্যবস্থাপনা। ছাত্র শিবিরের সামনে চ্যালেঞ্জ যেমন রয়েছে যেমন সংবিধানগত রাজনীতি, বাজারবাদী চিন্তা ও সংগঠনের বহুমাত্রিক দাবির মধ্যে সুসংগত পথ খুঁজে বের করা—তেমনি রয়েছে একটি ঐতিহাসিক দায়িত্ব। এই দায়িত্ব হলো তরুণদের মধ্যে নৈতিকতা, দায়িত্ব, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের যোগ্যতা গড়ে তোলা, যাতে তারা কেবল নিজেদের জীবনে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে না, বরং সমাজে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে অবদান রাখতে পারে। এটি কোনো অপদার্থ বা অনুভূতিপ্রসূত বক্তব্য নয়; বরং শিবিরের নিজস্ব ভিশন ও আইডিয়োলজি যেখানে “সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি” এই লক্ষ্য বাস্তবায়নই সর্বোচ্চ অগ্রাধিকার। বর্তমান প্রেক্ষাপটে, ছাত্রশিবির শুধু একটি সংগঠন নয় এটি একটি চিন্তা–চেতনার ক্ষেত্র, যেখানে নেতৃত্ব মানে ক্ষমতা নয়; বরং মানবিক মূল্যবোধ, নৈতিক স্থিরতা ও আল্লাহভীরুতা। এখানে নেতৃত্ব চিরকালই সেই ব্যক্তির হাতে নেয়া হয়, যিনি নিজের ভেতরের মানুষকে গড়ে তুলেছেন ন্যায়, সহমর্মিতা ও দায়িত্বের মাধ্যমে, এবং সেই অভিজ্ঞতাই তাকে অন্যদের পথ দেখাতে সক্ষম করে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইতিহাস দীর্ঘ ও জটিল। এটি গড়ে উঠেছে নানা চ্যালেঞ্জ, সংকট ও সংগ্রামের মধ্য দিয়ে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সময়ে প্রতিকূলতা, রাজনৈতিক দমন-পীড়ন এবং সামাজিক দ্বন্দ্বের সম্মুখীন হয়েছে। তবে এই কঠিন পরিস্থিতি সত্ত্বেও শিবির প্রতিটি সংকটে নিজেকে পুনর্গঠন করতে সক্ষম হয়েছে, কারণ এর মূলমন্ত্র ছিল—নির্ধারিত আদর্শের পথে ধৈর্য, সততা ও দায়িত্বের প্রতিশ্রুতি। সংগঠনের ইতিহাসে এমন মুহূর্তও এসেছে যখন সমালোচনার লক্ষ্য হয়েছে—কিছু ঘটনা যেমন সহিংসতা বা বিতর্কিত পরিস্থিতি মিডিয়াতে উঠে এসেছে। উদাহরণস্বরূপ, ২০০০ সালের চট্টগ্রামের ঘটনা এবং ২০২৪ সালে সংস্থার সাময়িক নিষেধাজ্ঞা। তবে এসব অধ্যায়ও শিবিরের জন্য শিক্ষণীয় এবং আত্মসমালোচনার সুযোগ হয়ে দাঁড়িয়েছে। শিবিরের অভ্যন্তরীণ নথি ও বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়—প্রতিটি কঠিন সময়েই সংগঠন তার কর্মীদের শিক্ষিত, নৈতিক এবং মানবিক গুণাবলীর প্রতি মনোযোগী রাখার চেষ্টা করেছে। এই ত্যাগের ইতিহাস শুধু সংঘর্ষের গল্প নয়, বরং এটি একটি শিক্ষণীয় অধ্যায় যেখানে শিক্ষার্থীরা শিখেছে কঠোর পরিস্থিতিতেও নৈতিকতা ও মানবিকতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে। শিবিরের দীর্ঘমেয়াদি লক্ষ্য ছিল কেবল রাজনৈতিক লড়াই নয়, বরং মানুষ গঠনের আদর্শিক আন্দোলন। প্রতিটি কঠিন অধ্যায়ে শিবিরের সদস্যরা শিখেছে দুর্যোগ, সীমাবদ্ধতা বা সমালোচনা মানবকে আরও পরিপূর্ণ করে।

শিক্ষার্থীদের ভূমিকা: নৈতিকতা, দায়িত্ব ও নেতৃত্ব : বর্তমান বাংলাদেশে তরুণ সমাজ কেবল শিক্ষাগত অর্জনের জন্য সংগ্রাম করছে না; তারা নৈতিক ও সামাজিক দায়িত্ব নিতে চায়। শিক্ষা, কর্মসংস্থান ও স্বাধীনতার সাথে তারা চায় নৈতিক নেতৃত্বের শিক্ষা, যা সমাজকে আরও মানবিক ও সমন্বিত করে তুলতে পারে। শিবিরের কার্যক্রমে এই শিক্ষা স্পষ্ট প্রতিফলিত হয়। শিক্ষার্থীরা কেবল সংগঠিত হয়নি, বরং তাদের দৈনন্দিন জীবনকে গড়ে তোলা হয়েছে নৈতিক শিক্ষা, আত্মসমালোচনা, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতার মাধ্যমে। ফলে ছাত্ররা শুধু শ্রেণিকক্ষে শিক্ষার্থী নয়, বরং সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়। শিবিরের কার্যক্রমে যেমন শিক্ষার্থীকে নেতৃত্ব, চরিত্র ও নৈতিকতার শিক্ষা দেয়া হয়, তেমনি তারা সমাজের জন্য ইতিবাচক উদাহরণ তৈরি করে—যেখানে সহমর্মিতা, ন্যায়পরায়ণতা এবং মানুষের কল্যাণকে গুরুত্ব দেওয়া হয়। এই ধারা তরুণদেরকে শেখায় শুধু সমালোচনা নয়, সমাধানও দেখাতে।

সমৃদ্ধি, নৈতিকতা ও মানবিকতার স্বপ্ন : শিবিরের লক্ষ্য কেবল একটি সংগঠন হিসেবে অবস্থান নয়। এটি সমাজের উন্নয়ন, শান্তি ও সমন্বয় প্রচারের জন্য প্রেরণা জোগায়। প্রতিটি কর্মসূচি—শিক্ষা, দাওয়াত, প্রশিক্ষণ ও সমাজসেবা—একই উদ্দেশ্যে পরিচালিত হয়: সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক তৈরি করা, যারা ন্যায়, মানবিকতা ও কল্যাণের পথে পরিচালিত হবে। শিবিরের ইতিবাচক অবদান বোঝায় যে, বিপর্যয় ও সমালোচনার মধ্যেও শিক্ষার্থীর নৈতিক ও সামাজিক গঠন সম্ভব। এটি তরুণদের শেখায়—কঠিন পরিস্থিতি মানেই ব্যর্থতা নয়; বরং এটি একটি শিক্ষা ও আত্মসমৃদ্ধির সুযোগ, যা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে।

মানুষের জন্য মানুষ গড়ে তোলা : শিবিরের অন্যতম সেরা বৈশিষ্ট্য হলো—শিক্ষা, নৈতিকতা এবং নেতৃত্বের সমন্বয়। এটি কেবল শিক্ষার্থীদের পেশাজীবী হিসেবে তৈরি করে না; বরং পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলে। একজন শিবির কর্মীর জীবন মানে কুরআন ও হাদিসের নিয়মিত অধ্যয়ন, আত্মসমালোচনা ও শৃঙ্খলাবোধ। সময়ানুবর্তিতা ও দায়িত্ববোধ। সামাজিক ন্যায়বিচার ও মানবিকতার প্রতি অঙ্গীকার। এই শৃঙ্খলিত জীবনধারাই শিক্ষার্থীদের করে তোলে সৎ, জ্ঞানী ও দায়িত্বশীল নাগরিক, যারা সমাজের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সমাজগঠন ও ইতিবাচক প্রভাব : শিবিরের কার্যক্রম সমাজে কেবল সমালোচনা নয়; বরং এটি সমাধান এবং প্রভাব সৃষ্টি করে। দাওয়াত, প্রশিক্ষণ, শিক্ষাগত কার্যক্রম এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে শিবির শিক্ষার্থীদের শেখায়—কিভাবে আদর্শ ও নৈতিকতায় প্রতিষ্ঠিত জীবন সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। শিবিরের মাধ্যমে তৈরি ছাত্রসমাজ শুধু শিক্ষিত নয়, নৈতিকভাবে শক্তিশালী ও সমাজসচেতন। এটি তরুণদের শেখায়—শক্তি নয়, ন্যায়; ক্ষমতা নয়, দায়িত্ব; ব্যবহার নয়, ভালোবাসা। এই শিক্ষাই বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করছে।

শিবিরের যুগান্তকারী ভূমিকা : শিবির প্রমাণ করেছে—সংগঠিত ও আদর্শিক ছাত্রসমাজ সমাজ পরিবর্তনের জন্য সবচেয়ে শক্তিশালী শক্তি হতে পারে। রাজনৈতিক চাপ, সামাজিক সংকট বা সীমাবদ্ধতা—এসবকেও শিবির গ্রহণ করেছে শিক্ষার এক অংশ হিসেবে। দীর্ঘ প্রতিকূলতার মধ্যেও শিবিরের মূল লক্ষ্য অটুট—মানুষ তৈরি করা, ন্যায় প্রতিষ্ঠা করা এবং সমাজকল্যাণে অবদান রাখা। আজকের তরুণ সমাজের জন্য এটি একটি অনন্য বার্তা—ত্যাগ, নৈতিক শিক্ষা এবং সামাজিক দায়বোধের মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ, মানবিক এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে পারি।

ছাত্র শিবিরের সাফল্য : ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফল আয়োজন : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঢাকা ও বিভিন্ন মহানগরে বর্ণাঢ্য র‍্যালি, শোভাযাত্রা ও সমাবেশ পালন করে। রাজধানীতে ‘Building Tomorrow’s Bangladesh with Merit, Integrity and Patriotism’ শ্লোগানসহ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়, যেখানে বহু নেতাকর্মী ও শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানটি শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা নেতৃত্বে পরিচালিত হয়। চট্টগ্রাম মহানগর শাখা ও অন্যান্য শহরেও পৃথকভাবে র‍্যালি ও আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব পালিত হয়। ২. নেতৃত্ব ও সাংগঠনিক শক্তির দৃঢ় অবস্থান : ২৬ ডিসেম্বর ২০২৫ এক আনন্দঘন নির্বাচন আয়োজন করে শিবিরের সদস্যরা। এতে নূরুল ইসলাম সাদ্দাম কেন্দ্রীয় সভাপতি ও সিবগাতুল্লাহ সিবগা কেন্দ্রীয় সেক্রেটারি নির্বাচিত হন, যা সংগঠনটির নেতৃত্ব বিন্যাস ও ক্ষমতায়নকে আরও সুসংগঠিত করেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা‑তে ২০২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে মোহিউদ্দিন খান সভাপতি ও আশিকুর রহমান সেক্রেটারি।

৩. ছাত্র সংসদ নির্বাচনে ব্যাপক সাফল্য : ২০২৫–২০২৬ মেয়াদে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলগুলো উৎসাহব্যঞ্জক ফলাফল অর্জন করে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ২৮ পদের মধ্যে ২৩টিতে জয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসুতে প্রায় ২০টির বেশি পদে আধিপত্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিইউসিএসইউতে ২৪টির মধ্যে ২৪টি পদে ঐতিহাসিক বিজয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুতে ২৩টির মধ্যে ২০টি পদে জয় শিবির-সমর্থিত প্যানেলগুলোর জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তির স্পষ্ট প্রতিফলন। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জকসু নির্বাচনে একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় পদে জয়লাভ করে শিবির-সমর্থিত প্রার্থীরা ভূমিধস সাফল্য নিশ্চিত করেন। এসব ফলাফল তরুণ সমাজের আস্থা, নৈতিক নেতৃত্বের আকাঙ্ক্ষা এবং ক্যাম্পাসভিত্তিক শিক্ষা ও অধিকারকেন্দ্রিক রাজনীতিতে শিবিরের ক্রমবর্ধমান প্রভাবকে স্পষ্টভাবে তুলে ধরেছে।এ অর্জনসমূহ সংগঠনটির শিক্ষার্থী ও তরুণ সমাজের আস্থা ও প্রাধান্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

৪. শিক্ষা, নৈতিকতা ও মানবিক সহায়তায় কার্যক্রম :
শিবির শুধুমাত্র রাজনৈতিক অংশগ্রহণে নয়—শিক্ষার্থী শিক্ষাগত ও নৈতিক উন্নয়নে সচেষ্ট। এর আওতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদস্য সমাবেশ, কর্মী প্রশিক্ষণ, সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হয়েছে।
এছাড়া ২০২৫ সালের সমাবেশ ও কর্মসূচিতে নেতারা বলেন যে সংগঠনটি কঠোর প্রতিকূলতার মাঝেও শিক্ষা, চরিত্র ও নৈতিকতার উন্নয়ন‑কে অগ্রাধিকার দিয়ে আসছে, এবং শিবির আজ দেশের তরুণ সমাজে আস্থার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

সমাজসেবায় সক্রিয় উপস্থিতি : শিবির দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও জীবনের অন্যান্য সমস্যায় সহায়তার উদ্যোগ নিয়েছে। বিভিন্ন শাখা আয়োজন করে ক্যারিয়ার কাউন্সেলিং, জাতীয় ইস্যুতে জনসচেতনতা কর্মসূচি ও সামাজিক সংগঠনে অংশগ্রহণ—যা সংগঠনটির সমাজকল্যাণমুখী গুরুত্ব প্রতিফলিত করে।

ইসলামী ছাত্রশিবিরের ভবিষ্যৎ পরিকল্পনা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তার দীর্ঘ ৪৯ বছরের অভিজ্ঞতা ও সংগ্রামের আলোকে ভবিষ্যতের জন্য একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। সংগঠনটি আগামীদিনে তরুণ সমাজকে নৈতিক ও মানবিক মূল্যবোধে সাজাতে এবং সমাজে ইসলামী চেতনা বিস্তারে বিশেষ কর্মসূচি পরিচালনার উদ্যোগ নিচ্ছে। ইসলামের আলো ছড়িয়ে দেওয়া : শিবিরের ঐতিহ্যগত লক্ষ্য হিসেবে বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পাশাপাশি ইসলামি মূল্যবোধ ছাত্রসমাজে ছড়িয়ে দেওয়া অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে তারা পরিকল্পনা করেছে: দেশের শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের মাঝে ইসলামী দর্শন ও আদর্শ প্রচার বিভিন্ন প্রকাশনা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ শিবির ও ওপেন ডিসকাশন আয়োজন করে ইসলামী জীবনদর্শনের বাস্তব প্রয়োগ নিয়ে কার্যক্রম পরিচালনা। নেতৃত্ব ও ক্যারিয়ার গঠন : শিবিরের ভবিষ্যৎ কর্মকাণ্ডের অংশ হিসেবে: তরুণদের ইসলামের আলোকে নৈতিক ও প্রযুক্তিগতভাবে যোগ্য নেতৃত্বে পরিণত করা, যাতে তারা সমাজে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে।
শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তা ও দিকনির্দেশনা প্রদান, যাতে তারা শুধুমাত্র পেশাজীবী নয়—সমাজকল্যাণে নিবেদিত প্রাণ হয়ে উঠতে পারে। আধুনিক ও ইসলামিক মূল্যবোধ সমন্বিত লাইব্রেরি ও শিক্ষা সম্পদ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা, যেখানে শিক্ষামূলক বই, অডিও–ভিজ্যুয়াল উপকরণ ও গবেষণা সামগ্রী থাকবে। বৃহত্তর ইসলামী আন্দোলনে সহায়তা : ছাত্র শিবিরের কর্মসূচি শুধু শিক্ষা বা ক্যারিয়ার সীমাবদ্ধ নয়; এর লক্ষ্য একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন। সেই লক্ষ্যে তারা: দেশের মুসলিম সম্প্রদায়ের মাঝে ইসলামী দৃষ্টি বিষয়ক সমন্বিত কর্মসূচি পরিচালনা করবে। জাতীয় পর্যায়ে ইসলামী আন্দোলনের সহায়তা ও অংশগ্রহণে ভূমিকা রাখবে, যাতে সমাজে নৈতিক ও সম্প্রীতিশীল পরিবেশ গড়ে ওঠে। সমাজের বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় শিক্ষার্থী নেতৃত্বকে প্রস্তুত করবে। তরুণদের সংগঠিত করা : শিবিরের ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম অংশ হলো সংগঠনটি আরও বিস্তৃতভাবে দেশের শাখা ও ইউনিটগুলিকে সক্রিয় করে তোলা, যাতে: গ্রামীণ ও শহুরে এলাকায় এডুকেশনাল ও সোশ্যাল আউটরিচ কর্মসূচি ছড়িয়ে দেওয়া যায়। তরুণ শ্রমিক, শিক্ষার্থী ও নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষা ও সামাজিক দায়িত্বের প্রতি আগ্রহী করা যায়। নিয়মিত কর্মী সম্মেলন ও নেতৃত্ব উন্নয়ন প্রোগ্রামের মাধ্যমে সংগঠনটির কাঠামোকে আরও শক্তিশালী করা হয়।

পরিশেষে: আগামীর পথে দৃঢ় প্রত্যয় : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আজ (৬ ফেব্রুয়ারী) ৪৯ বছরের এক অনন্য অভিজ্ঞতার আলোকে দাঁড়িয়ে আছে। সময় পরিবর্তিত হবে, রাজনৈতিক পরিস্থিতি বদলাবে, কিন্তু আদর্শের প্রয়োজন চিরন্তন—এটি কখনো হারাবে না। এই কাফেলা থামবে না, কারণ এর গন্তব্য কোনো ক্ষমতার প্রাসাদ নয়; এর গন্তব্য আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের কল্যাণ। চার দশক আগের সেই ক্ষুদ্র যাত্রা—মাত্র ছয়জন তরুণের এক নির্ভীক পদচারণা—আজ লক্ষাধিক তরুণের হৃদয়ে আশার আলোকবর্তিকা জ্বালিয়ে রেখেছে। ইতিহাসের প্রতিটি কঠিন পরীক্ষায় শিবির প্রমাণ করেছে—আদর্শ কখনো নিঃশেষ হয় না, সত্য কখনো পরাজিত হয় না। এই ইতিহাস কেবল একটি ছাত্রসংগঠনের কাহিনি নয়; এটি ত্যাগ, সংগ্রাম, নৈতিক দৃঢ়তা এবং সমাজগঠনের এক জীবন্ত পাঠ। কঠিন পরিস্থিতি, সীমাবদ্ধতা ও সমালোচনার মধ্যেও শিবিরের মূল চেতনাটি—মানুষ গড়া, ন্যায় প্রতিষ্ঠা ও সমাজকল্যাণে অবদান রাখা—থেকে গেছে অটুট। এই আদর্শই প্রমাণ করে, যে সমাজের তরুণরা নৈতিক ও মানবিক চেতনাকে বুকে ধারণ করলে তারা শুধু নিজের জন্য নয়, দেশের জন্যও আলোকবর্তিকা হয়ে উঠতে পারে। আজকের তরুণ সমাজের জন্য শিবিরের বার্তা স্পষ্ট—ত্যাগ, নৈতিক শিক্ষা ও সামাজিক দায়বোধের মাধ্যমে সমাজকে বদলানো সম্ভব। জ্ঞান, চরিত্র ও আদর্শের এই কাফেলা শুধু ছাত্রসমাজের জন্য নয়, পুরো জাতির জন্য এক অনন্য শিক্ষণীয় উদাহরণ। আদর্শিক চেতনাই পারে একটি শক্তিশালী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে।
৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। কামনা করি—এই জ্ঞান, চরিত্র ও ত্যাগের কাফেলা আগামীর বাংলাদেশে ন্যায়, মানবিকতা ও কল্যাণের বাতিঘর হয়ে পথ দেখাক।

লেখক পরিচিতি :
মুহাম্মদ ইমাদুল হক ফিরদাউছ
ইবির ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী বর্তমানে ডেপুটি রেজিস্ট্রার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network