আপডেট: November 7, 2024
বরিশাল প্রতিনিধি:: মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের খুশি হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন। বৃহস্পতিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির র্যালি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান রাজন বলেন, বাংলাদেশের যে রক্তের হোলি খেলা গত ১৫ বছর ধরে হয়েছে, বিডিআর বিদ্রোহের যে নির্মম নির্যাতন, সামরিক বাহিনীর উপর যে হত্যাযজ্ঞ হয়েছে, পরবর্তী পর্যায়ে জুলাই আগস্টের বিপ্লবে যে প্রাণ বাংলাদেশ থেকে ঝড়ে গেছে, তার হোতা শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে এই হত্যার বিচার না করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের জনগণ ক্ষান্ত হবে না।কাজেই আজকে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের খুশি হওয়ার কোন কারণ নেই।
তিনি বলেন, বাংলাদেশের নীতি নির্ধারকরাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের ঐতিহ্য বজায় রাখবে। ডোনাল্ড ট্রাম্প, বাইডেন, ওবামা বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব এনে দেয় নাই। বাংলাদেশের মানুষ ও ছাত্রজনতা স্বাধীনতা এনেছে। বাংলাদেশের মানুষই দেশের ভাগ্য নির্ধারণ করে ভোট ও ভাতের। অন্য কোন সন্ত্রাসী ও স্বৈরাচারী সরকার সেখানে কোন অবস্থান নিতে পারবে না।
বাকেরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুল মোল্লার সভাপতিত্বে এবং বাকেরগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনোয়ার হোসেন জীপু, উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক রিয়াজুল রহমান রিয়াজ, বরিশাল কোতোয়ালি থানা ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজান মোল্লা, পৌর যুবদলের সভাপতি মনির হোসেনসহ প্রমুখ।

