আপডেট: May 3, 2022
সারাদেশে পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘ঈদুল ফিতর’। তবে ঈদের দিন সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এতে নামাজ শেষে বাসায় ফেরার পথে ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। কোথাও কোথাও ঈদের জামাত চলাকালেই বৃষ্টি আসে।
আজ সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। আবহাওয়া অফিস আগেই বলেছিল এবার ঈদের সময় বৃষ্টি হতে পারে। ফলে পূর্বপ্রস্তুতি হিসেবে ঘর থেকে ছাতা নিয়ে বের হন অনেক মুসল্লি। তবে যারা ছাতা নিয়ে বের হননি তারা পড়েছেন ভোগান্তিতে। আবার গরমের মাঝে বৃষ্টি হওয়ায় অনেকে আবার স্বস্তিও প্রকাশ করেছেন।
বৃষ্টি হওয়ার পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদফতর। যেন আভাস সত্যি করে ভোর থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়। আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেছেন, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এছাড়া দুপুর ১২টার পর খুলনা, বরিশাল, কুমিল্লা ও নোয়াখালীর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে আমাদের রাজবাড়ী প্রতিনিধি জানান, সকাল ৮টায় রাজবাড়ী জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানের জেলার কেন্দ্রীয় ঈদগা ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে জামাত শেষ হতে না হতেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। যে কারণে প্রধান জামাতের পরে আয়োজন করা বেশির ভাগ ঈদ জামাত ঈদগাঁয়ে অনুষ্ঠিত হতে পারেনি। তবে বিকল্প হিসেবে ঈদ জামাত স্থানীয় মসজিদগুলোতে অনুষ্ঠিত হয়।
প্রধান ঈদ জামাতে জামাতে ইমামতি করেন, মাওলানা মোস্তফা সিরাজুল কবীর। রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান ও রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু শুভেচ্ছা বক্তব্য রাখেন।

