দর্শনা সীমান্তে এক কোটি ৩০ লাখ টাকার স্বর্ণের বারসহ নারী আটক

আপডেট: March 3, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ আটককৃত নারী

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এক কেজি ৩২০ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বারসহ তাছলিমা খাতুন (২৫) নামের এক নারীকে আটক করেছে বিজিবি। রবিবার (৩রা মার্চ ২০২৪) সকাল ১১টার দিকে ছয়ঘরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত তাছলিমা খাতুন দর্শনা থানাধীন কামারপাড়া গ্রামের রেজাউল করিমের মেয়ে।

বিজিবি জানায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীনস্ত সুলতানপুর বিওপির একটি টহল দল রবিবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন ছয়ঘরিয়া গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ব্যাটারিচালিত ইজিবাইকযোগে কয়েকজন যাত্রী সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যরা ইজিবাইক থামিয়ে তল্লাশি চালান। তল্লাশিকালে ইজিবাইকে থাকা তাছলিমা খাতুন নামের এক নারী সন্দেহজনক আচরণ করেন।

পরে এই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি শরীরের কোমরের ভিতরে লুকায়িত অবস্থায় এক কেজি ৩২০ গ্রাম (১১৩.১৬ ভরি) ওজনের ১১টি স্বর্ণের বার বিজিবি সদস্যদের সামনে ফেলে দেন। বিজিবি সদস্যরা স্বর্ণের বারগুলো উদ্ধারপূর্বক তা জব্দ করেন। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি ৩০ লাখ টাকা। এ ঘটনায় আটককৃত নারীকে দর্শনা থানায় হস্তান্তর করে মামলা দায়ের এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network