আপডেট: July 26, 2020
নিজস্ব প্রতিবেদক ।। টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে গতকাল রাতে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। যার কারণে দীর্ঘ নয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে শুরু হলো ট্রেন চলাচল ।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন , ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে সেতুর পূর্ব পাড়ে পৌঁছানোর পর লাইনচ্যুত হয় ।
ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইন ছেড়ে বেরিয়ে গেলে সেতু হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে রেলওয়ের পূর্বাঞ্চলের সঙ্গে পশ্চিমাঞ্চলের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় বিভিন্ন গন্তব্যের চারটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে থাকে ।
ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে আজ রবিবার ভোরে কাজ শুরু করে। পরে সকাল সাড়ে ৮ টার দিকে ইঞ্জিনসহ লাইনচ্যুত বগিগুলো সরিয়ে মেরামত শেষ করা হয় ।
মেরামত কাজ শেষ হওয়ায় সকাল ৯ টা থেকে ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণের রেল যোগাযোগ আবার চালু হয় বলে জানান স্টেশন মাস্টার ।
তিনি বলেন, এ ঘটনায় কোন প্রকার হতাহতের ঘটনা ঘটেনি । তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি ।

