আপডেট: December 28, 2020
অনলাইন ডেস্ক:: দেওয়ানবাগ দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী পীর ইন্তেকাল করেছেন। সোমবার (২৮ ডিসেম্বর) ভোর ৬টা ৪৮ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০।সোমবার সকালে দেওয়ানবাগ দরবার শরীফ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানী মতিঝিলে অবস্থিত দেওয়ানবাগ দরবার সূত্রে জানা গেছে, ভোরের দিকে তিনি নিজ বাসায় স্ট্রোক করেন। পরে ইউনাইটেড হাসাপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ আরামবাগে নেওয়া হয়েছে। জানাজার সময় এখনও নির্ধারণ হয়নি।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে ১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ আবদুর রশিদ সরদার। মা সৈয়দা জোবেদা খাতুন। ছয় ভাই দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদরাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশুনা করেন।
ফরিদপুরে চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরীর হাতে বায়াত গ্রহণ করেন দেওয়ানবাগী পীর। এরপর তার মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন দেওয়ানবাগী। এর সুবাদে শ্বশুরের কাছ থেকে খেলাফত লাভ করেন। তার কিছু দিন পর নিজেই নারায়ণগঞ্জে দেওয়ানবাগ নামক স্থানে একটি আস্তানা গড়েন এবং নিজেকে সুফি সম্রাট পরিচয় দেন। সর্বশেষ মতিঝিলের ১৪৭ আরামবাগ, ঢাকা-১০০০ এই ঠিকানায় একটি দরবার স্থাপন করেন দেওয়ানবাগী।

