আপডেট: February 16, 2024
ভোলা প্রতিনিধি:: ভোলায় বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের চারদিন পর আবদুল্লাহ আল মারুফের ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ভোলা সদর উপজেলার ৩ নম্বর পশ্চিম ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পাঙ্গাশিয়া নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি বন্ধুর সঙ্গে পাঙ্গাশিয়া নদীতে গোসল করতে নেমে মারুফ নিখোঁজ হয়। মৃত মারুফ রাজধানী ঢাকার মিরপুর ১২ নম্বরের স্থানীয় বাসিন্দা। তিনি ফুটপান্ডায় চাকরি করতেন।
মৃত মারুফের মা জানান, গত ১০ ফেব্রুয়ারি মারুফ তার বন্ধু রাকিবের সঙ্গে ঢাকা থেকে ভোলায় আসে। মারুফ যে বাড়িতে এসেছিল। সে বাড়ি রাকিবের মামা শ্বশুরের বাড়ি। রাকিব তার বন্ধু মারুফকে সঙ্গে নিয়ে পাঙ্গাশিয়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে আসে। গত ১২ ফেব্রুয়ারি দুপুরে রাকিব ও মারুফসহ আরো বেশ কয়েকজন পাঙ্গাশিয়া নদীতে গোসল করতে নামে। এ সময় তারা নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সাঁতরে যেতে গিয়ে মারুফ নিখোঁজ হয়। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল একদিন অভিযান চালিয়ে চলে যায়। ঘটনার চারদিন পর ঘটনাস্থলের অদূরে তার ভাসমান মরদেহ পাওয়া যায়।ভোলা সদর মডেল থানার ওসি মনির হোসেন মিঞা জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

