আপডেট: July 17, 2023
ভোলা প্রতিনিধি:: ভোলার চরফ্যাশনে নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে খাদে পড়েছে যাত্রীবাহী একটি বাস। এতে নিহত হয়েছেন কালু মিয়া নামে এক বৃদ্ধ পথচারী। এছাড়া খাদে পড়ায় আহত হয়েছেন বাসের অন্তত ৩০ যাত্রী।
সোমবার সকালে চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের কাশেমগঞ্জ বাজার সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসচাপায় নিহত পথচারী উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে দক্ষিণ আইচা থেকে ছেড়ে আসা আবির পরিবহন নামের বাসটি চরফ্যাশন সদরে যাচ্ছিল। পথে উপজেলার জিন্নাগড় ইউনিয়নের কাশেমগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এ সময় বাসটি এক পথচারীকে চাপা দিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ঐ পথচারী। আহত হন বাসে থাকা অন্তত ৩০ জন যাত্রী। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
চরফ্যাশন থানার ওসি মোহাম্মদ মোরাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসচাপায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

