আপডেট: May 4, 2022
জাটকা সংরক্ষণে সারা দেশে চলছে প্রশাসনের অভিযান। গত বছরের ১ নভেম্বর থেকে চালু হওয়া এই অভিযান চলবে ৩০ জুন পর্যন্ত। তারই ধারাবাহিকতায় পিরোজপুরে প্রতিদিনই নৌযান নিয়ে নদীতে অভিযানে নামছে জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, নৌ-পুলিশসহ বিভিন্ন বাহিনী।
এ জেলায় গত এক মাসে জাটকা সংরক্ষণে অভিযান পরিচালনা করা হয়েছে ৭৫টি।এর মাধ্যমে অবৈধ প্রায় চার লাখ ১৬ হাজার মিটার কারেন্ট জাল ও বেহুন্দি জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
আজ বুধবার সকালে পিরোজপুরের কচা ও বলেশ্বর নদীতে জেলা মৎস্য অফিসের উদ্যোগে প্রশাসনের দুই ম্যাজিস্ট্রেট, কোস্ট গার্ড ও নৌ পুলিশের যৌথ অভিযান শেষে সাংবাদিকদের এসব তথ্য তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী।
এ সময় আব্দুল বারী বলেন, বার বার অভিযান পরিচালনা করেও শতভাগ জাটকা নিধন ঠেকানো যাচ্ছে না। প্রতিদিনই সুযোগ পেলেই অবৈধ জাল ফেলে নিধন করা হচ্ছে জাটকা ইলিশসহ বিভিন্ন পোনা। তবে নিয়মিত অভিযান চলমান থাকায় অনেকটাই কমে এসেছে এসব অপকর্ম। আমরা শতভাগ জাটকা নিধন বন্ধের লক্ষে কাজ করে যাচ্ছি।অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা ও মো. তারিকুল আলম।

