আপডেট: May 16, 2025
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
‘সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানকে সামনে রেখে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেলেন চুয়াডাঙ্গা জেলার ১৬ জন তরুণ। বৃহস্পতিবার (১৫ই মে ২০২৫) রাত ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে নতুন চাকরি পাওয়া এই তরুণদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।
চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের চাকরি প্রাপ্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারি ফি বাবদ খরচ হয়েছে ১২০ টাকা। নিয়মতান্ত্রিক উপায়ে নিজ মেধা ও যোগ্যতায় বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হওয়ার জন্য নির্বাচিত হতে পেরে খুশিতে আত্মহারা হয়ে পড়েন চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা।
চুয়াডাঙ্গা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে গত ১০ এপ্রিল সকাল ৮টা হতে নিয়োগ কমিটি ১ম ধাপে চাকুরি প্রার্থীদের মধ্য থেকে শারীরিক সহনশীলতা পরীক্ষা, কাগজপত্র যাচাই-বাছাই, শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা ও আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা শেষে লিখিত পরীক্ষায় ছেলে ২২৩জন এবং মেয়ে ১১জনসহ সর্বমোট ২৩৪ অংশগ্রহণ করে ৩২জন ছেলে প্রার্থী উত্তীর্ণ হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে ১৬জন প্রার্থী নিয়োগ বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হয়। নিয়োগ বোর্ডের সভাপতি চূড়ান্তভাবে উত্তীর্ণ ১৬জন তরুণকে জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন ও বাংলাদেশ পুলিশে স্বাগত জানান।
চুড়ান্ত ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামিনুর রহমান খান, কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

