আপডেট: December 23, 2020
বাবুগঞ্জ প্রতিনিধি:: বরিশালের বাবুগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের সদস্যসহ ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুনহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- দেহেরগতি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. শাহিন হোসেন (৪৫) ও রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামের সুলতান মোল্লার ছেলে কলেজছাত্র রায়হান (১৭)।
স্থানীয়রা জানান, কলেজছাত্র রায়হান মোটরসাইকেলযোগে নতুন হাটের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে নতুনহাট পৌঁছার আগেই বিপরীত দিক থেকে মোটরসাইকেলযোগে আসা ইউপি সদস্য শাহিনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের ঢাকায় প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বুধবার সকালে আহত ইউপি সদস্য মো. শাহিন হোসেন ও কলেজছাত্র রায়হান মৃত্যুবরণ করেন।

