আপডেট: April 20, 2021
আপডেট নিউজ ডেস্ক: ফরিদপুরের মধুখালীতে বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের ৫০তম শাহাদাত বার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রউফ নগরের (সালামতপুর) অবস্থিত বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার চত্বরে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় মধুখালীর ইউএনও মো. মোস্তফা মনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মুরাদুজ্জামান মুরাদ, ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান বাবু, বীর শ্রেষ্ঠ এর বড় বোন জোহরা বেগম, সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিশেষ মোনাজাত করা হয়।
এরআগে সকালে স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার ভবনে জাতীয় পতাকা তোলেন বীর শ্রেষ্ঠ-এর বড় বোন জোহরা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়া অন্য কর্মসূচির মধ্যে রয়েছে তারাবীহ নামাজ শেষে স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠান।

