বেশি দামে সার বিক্রয়ের অপরাধে দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

আপডেট: August 3, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে বেশি দামে সার বিক্রয়ের অপরাধে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় বুধবার দুপুরে ভ্রাম্যমাণ এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। তিনি জানান, গত ১লা আগস্ট কৃষি মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত একটি চিঠিতে ইউরিয়া সারের খুচরা মূল্য কেজি প্রতি ১৬ টাকা থেকে বাড়িয়ে ২২ টাকা করা হয়। একই চিঠিতে উল্লেখ করা হয়, ১লা আগস্টের আগে ডিলার পর্যায়ে মজুদকৃত সার পূর্বের দামে অর্থাৎ ১৬ টাকা কেজি হিসেবেই বিক্রয় করতে হবে। কিন্তু আলমডাঙ্গা নতুন বাসস্ট্যান্ড মোড়ে অবস্থিত বিসিআইসি ডিলার মেসার্স নুর মোহাম্মদ ট্রেডার্সে অভিযানে গিয়ে দেখা যায়, তারা ১লা আগস্টের পূর্বে উত্তোলিত সার অধিক দামে বিক্রয় করছেন। ৮০০ টাকা বস্তার ইউরিয়া ৯৮০ টাকা এবং অন্যান্য সারও সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি মূলত বেলগাছী ইউনিয়নের ডিলার। এছাড়া আলমডাঙ্গা হাফিজ মোড়ে অবস্থিত অপর একটি বিসিআইসি ডিলার মেসার্স জনির উদ্দিন অ্যান্ড ব্রাদার্স যিনি মূলত কুমারী ইউনিয়নের ডিলার এই প্রতিষ্ঠানটিতেও অধিক মূল্যে সার বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। টিএসপি সারের সরকার নির্ধারিত খুচরা মুল্য ২২ টাকা কেজি হলেও এই প্রতিষ্ঠান ৩৫ টাকা পর্যন্ত বিক্রয় করেছেন। এছাড়া তার প্রতিষ্ঠানে বিক্রয়ের উদ্দেশ্যে সাজিয়ে রাখা প্রচুর মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়। উক্ত অপরাধে একই আইনের ৪০ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার জরিমানা করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network