ভারতে অনুপ্রবেশের সময় নারী-পুরুষ ও শিশুসহ আটক ২৫

আপডেট: April 25, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী-পুরুষ ও শিশুসহ ২৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের প্রস্তুতি গ্রহণের সময় শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সীমান্তের পলিয়ানপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ঢাকা, খুলনা, নড়াইল, যশোর ও মাগুরা জেলার বাসিন্দা রয়েছেন।

শুক্রবার (২৫শে এপ্রিল ২০২৫) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন পলিয়ানপুর বিওপির বিজিবি সদস্যরা হাবিলদার জুয়েল হোসেনের নেতৃত্বে শুক্রবার সকালে বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল। এসময় সীমান্তের মেইন পিলার ৬০/২০-আর হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামের আব্দুর রহিমের ভুট্টা ক্ষেত থেকে ২৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে ১০ নারী, ৪ শিশু ও ১১ জন পুরুষ। তারা সকলেই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন।

এ ঘটনায় আটক বাংলাদেশী পুরুষ নাগরিকদের ঝিনাইদহের মহেশপুর থানায় এবং নারী ও শিশুদেরকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারের প্রতিনিধির কাছে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network