ভারতে পালিয়ে যাওয়ার সময় চাকুরিচ্যুত পলাতক আনসার সদস্য গ্রেফতার

আপডেট: October 20, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

গ্রেফতারকৃত আসামি মহিত মণ্ডল

আনসার বিদ্রোহে সক্রিয়ভাবে অংশ নিয়ে চাকুরিচ্যুত হওয়া পলাতক আনসার সদস্য মহিত মণ্ডল অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিজিবির হাতে গ্রেফতার হয়েছেন। রবিবার (২০শে অক্টোবর ২০২৪) বিকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মহিত মণ্ডল গোপালগঞ্জ জেলার বাসিন্দা। রবিবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সামন্তা বিওপির একটি বিশেষ চৌকস টহল দল রবিবার বিকাল আনুমানিক সাড়ে ৩টার সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তের মেইন পিলার ৫৪/২-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশবাড়িয়া ইউনিয়নের রুলি গ্রামের মমিনতলা মোড়ে নাজমুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে পলাতক আনসার সদস্য মহিত মণ্ডলকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিত মণ্ডল স্বীকার করেন যে, গত ২৫শে আগস্ট ২০২৪ তারিখে বাংলাদেশ সচিবালয়ের সামনে সংঘটিত আনসার বিদ্রোহে অংশ নিয়ে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি পলাতক অবস্থায় দীর্ঘদিন লুকিয়ে থেকে কোনো উপায়ন্তর না পেয়ে স্থায়ীভাবে ভারতে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং অবৈধভাবে ভারতে পলায়নের উদ্দেশ্যে মহেশপুর সীমান্তে দালালের মাধ্যমে আসেন।

গ্রেফতারকৃত বিদ্রোহে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী চাকুরিচ্যুত পলাতক আনসার সদস্যকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের নিকট সোপার্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network