আপডেট: April 6, 2025
৪ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ মামার বিরুদ্ধে। ভুক্তভোগী শিশুর বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে। পার্শ্ববর্তী ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে গত শুক্রবার শিশুটি ধর্ষণের শিকার হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত সৎ মামা শাওন পলাতক রয়েছে।
শিশুটির পরিবার জানায়, গত বৃহস্পতিবার ওই শিশু মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। শুক্রবার তার সৎ মামা শাওন তাকে বিভিন্ন খাবারের প্রলোভন দেখিয়ে ভুট্টা খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বিষয়টি রবিবার (৬ই এপ্রিল ২০২৫) সকালে শিশুটি তার পরিবারকে জানায়। পরে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান সুজন বলেন, আমরা শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। সে ব্যথা অনুভব করছে বলে জানিয়েছে। আমরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রেফার্ড করেছি। কারণ এসব বিষয়গুলো তারাই দেখে। পরীক্ষার পর সঠিক বিষয় জানা যাবে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, শিশুটির বাড়ি জীবননগর। তবে ঘটনাটি ঘটেছে পার্শ্ববর্তী উপজেলা মহেশপুরে। সকালে ওই শিশুকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাকে চুয়াডাঙ্গায় পাঠানো হয়েছে বলে জেনেছি।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

