ভোলায় ইউপি সদস্য ও তার সহযোগী ইয়াবাসহ আটক

আপডেট: October 30, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার তজুমদ্দিন উপজেলায় ১০২ পিস ইয়াবাসহ মো. মামুন ও তার সহযোগী মো. রাকিবকে আটক করেছে পুলিশ। আটক মো. মামুন ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও রাকিব চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের বাসিন্দা।

রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোলকপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

তজুমদ্দিন থানা সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন ও উপ-পরিদর্শক (এসআই) হাবিবের নেতৃত্বে পুলিশের একটি টিম শম্ভুপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালায়।
এসময় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোলকপুর গ্রামের শরিফ মাস্টার বাড়ির দরজায় পাকা সড়কের ওপর থেকে ১০২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মামুন ও রাকিবকে আটক করেন। আটক মামুনের বিরুদ্ধে এর আগেও বোরহানউদ্দিন থানায় মাদকসহ চারটি মামলা রয়েছে।

পক্ষিয়া ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানান, মামুন ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। এর আগেও সে ও তার স্ত্রী মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network