আপডেট: March 7, 2024
বরগুনা প্রতিনিধি:: ঝালকাঠির রাজাপুরে টিউবওয়েল চুরির হিড়িক পড়েছে। চোরদের হাত থেকে রেহাই পাচ্ছে না মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের টিউবওয়েলও।জানা গেছে, গত এক সপ্তাহে উপজেলার গালুয়া দুর্গাপুর ও পুটিয়াখালি গ্রাম থেকে ১০টির বেশি টিউবওয়েল চুরি হয়েছে। এছাড়া, উপজেলার বিভিন্ন স্থানে এক মাসে অর্ধশত টিউবওয়েল চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (৬ মার্চ) সকালে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গালুয়া দুর্গাপুর গ্রামের মোজাহিদুল হকের ছেলে আতিকুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা বিবাদীরা পশ্চিম গালুয়া স্কুল এন্ড কলেজের পশ্চিম পাশের একটি টিউবওয়েল চুরি করে নিয়ে গেছে। একইভাবে ওই এলাকার হাবিবেন নেছা এতিমখানার টিউবওয়েলটিও চুরি হয়ে গেছে। এছাড়া, গালুয়া দুর্গাপুর গ্রামের হানিফের ছেলে হেলালের বাড়ির টিউবওয়েল ও রশিদ তালুকদারের ছেলে ইমরান তালুকদারের বাড়ির টিউবওয়েলও চুরি করে নিয়ে গেছে চোরের দল।
ভুক্তভোগী ইমরান, হেলাল ও আতিকুল ইসলাম জানান, সম্প্রতি গালুয়া দুর্গাপুর ও পুটিয়াখালি গ্রাম থেকে ১০টির বেশি টিউবওয়েল চুরি হয়েছে। চোরদের হাত থেকে রেহাই পাচ্ছে না মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের টিউবওয়েলও।
মাদকসেবী ও ছিচকে চোরেরা একের পর এক টিউবওয়েল চুরি করে নিয়ে যাচ্ছে। এতে এলাকার গরীব ও দরিদ্র পরিবারগুলোতে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। মাদ্রাসা ও এতিমখানার টিউবওয়েল চুরির ফলে শিশু শিক্ষার্থী ও মুসল্লিরা চরম ভোগান্তিতে পড়েছেন।তারা আরও জানান, শুষ্ক মৌসুমে খাল-পুকুরে পর্যাপ্ত পানি না থাকায় এবং টিউবওয়েল চুরি হয়ে যাওয়া পানির চরম সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টি কামনা ও নজরদারির দাবি জানান ক্ষতিগ্রস্তরা।রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বলেন, টিউবওয়েল চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

