আপডেট: August 31, 2022
ছবি: আপডেট নিউজ
এম.এ.আর.নয়ন: ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকায় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ তিন যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (৩১শে আগস্ট) সকালে ভাঙ্গা হাইওয়ে থানার নিকটস্থ ঢাকা-খুলনা মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, হবিগঞ্জ জেলার চুনারঘাট থানাধীন দৌলত খাঁ বাদ গ্রামের মৃত শাহনেওয়াজ বকুলের ছেলে রেজাউল ইসলাম (২৬), ফরিদপুরের ভাঙ্গা থানাধীন আজিমনগর গ্রামের আনোয়ার ফকিরের ছেলে মো. তুহিন ফকির (১৯) এবং আবুল হোসেনের ছেলে মতিউর রহমান (৩৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় প্রাইভেটকারযোগে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে চলাচল করবে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আভিযানিক দলটি বুধবার সকাল সাড়ে ৬টার সময় ভাঙ্গা হাইওয়ে থানার নিকটস্থ ঢাকা-খুলনা মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে ১৩ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করে। এছাড়া তাদের হেফাজত হতে মাদক বহনে ব্যবহৃত একটি ট্রলিব্যাগ, দুইশত ৫০ টাকা, ৫টি মোবাইল ও ৮টি সিমকার্ড উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। জব্দকৃত আলামতসহ আটককৃতদের ভাঙ্গা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

