আপডেট: May 29, 2021
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ ড্রাম ভর্তি ২ লাখ ৪০ হাজার চিংড়ি রেণু জব্দ করেছে নিজামপুর কোস্টগার্ডের সদস্যরা। এ সময় একটি পিকআপ জব্দ করা হয়।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চাকামইয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এসব রেণু জব্দ করা হয়।
পরে কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও নিজামপুর কোস্টগার্ড ক্যাম্পের পেটি অফিসার হরি প্রসাদ শিং’র উপস্থিতিতে এসব রেণু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া পিকআপ চালক সোহেলকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
নিজামপুর কোস্টগার্ড ক্যাম্পের পেটি অফিসার হরি প্রসাদ শিং জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব রেণু জব্দ করা হয়েছে। চিংড়ি রেণু বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

